আন্তঃপ্রজন্ম নীতি নির্ধারণী সভায় বক্তারা
প্রবীণদের সঙ্গে তরুণ প্রজন্মের যোগাযোগ বাড়ানোর আহ্বান
ছবি : সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২৩:১৮
কর্মব্যস্ততার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির আগ্রাসনে মানুষের নিঃসঙ্গতা বাড়ছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা আরও বেশি নিঃসঙ্গ হয়ে পড়ছেন। এতে শারীরিক স্বাস্থ্যগত জটিলতার পাশাপাশি মানসিক সমস্যায়ও আক্রান্ত হচ্ছেন সমাজের বয়োজ্যেষ্ঠ নাগরিকরা। এ সংকট সমাধানে প্রবীণদের সঙ্গে তরুণ প্রজন্মের আন্তঃযোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন আলোচকরা।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আন্তঃপ্রজন্ম নীতি-নির্ধারণী সভায় বক্তারা এ আহ্বান জানান।
উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে এ সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন হক এবং সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার তাদের ভাবনা তুলে ধরেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু, রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খান।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় নবীন-প্রবীণের সংহতির ওপর তাগিদ দেন। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কমিউনিটিভিত্তিক আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব গঠন করে প্রবীণদের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
- বিষয় :
- আলোচনা সভা
