কোস্টগার্ডের জন্য ১২১২ কোটি টাকায় কেনা হচ্ছে পাঁচ জাহাজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৯:০১ | আপডেট: ২১ মে ২০২৬ | ১১:২০
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে পাঁচটি রিভারাইন প্যাট্রল ভেসেল (আরপিভি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ২১২ কোটি টাকা। একই সঙ্গে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কনটেন্ট ব্লকিং, ফিল্টারিং ব্যবস্থা সম্প্রসারণসহ আরও কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
এর আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দ্রুত সময়ের মধ্যে চাল ও গম আমদানির লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার সময় কমানোর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর পত্রিকায় প্রকাশের তারিখ থেকে দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় কোস্টগার্ডের জন্য পাঁচটি জাহাজ আরপিভি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। রিভারাইন প্যাট্রল ভেসেল হলো নদী ও অভ্যন্তরীণ জলপথে টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের মাঝারি আকারের জাহাজ।
এক ধাপ দুই খাম পদ্ধতিতে আহ্বান করা দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে যৌথভাবে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেওয়া হয়।
সূত্র জানায়, কোস্টগার্ডের রিভারাইন প্যাট্রল স্কোয়াড্রনের বর্তমানে ব্যবহৃত পাঁচটি জাহাজ ১৯৭০ সালে নির্মিত। ফলে এসব জাহাজের বয়স এখন ৫৪ বছরের বেশি। অথচ এ ধরনের জাহাজের স্বাভাবিক আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর। নতুন জাহাজ সংগ্রহের মাধ্যমে নদী ও উপকূলীয় এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে।
এনটিএমসির ‘কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সিস্টেম সম্প্রসারণ (প্রথম ধাপ)’ প্রকল্পের আওতায় প্রায় ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকার ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী অতিসংবেদনশীল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থার জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে ৯টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর প্রস্তাব জমা দেয় এবং দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসিকে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় উচ্চক্ষমতাসম্পন্ন তিনটি পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল যন্ত্র, দুটি বহুমুখী হাইব্রিড প্যাকেট নিয়ন্ত্রণ যন্ত্র, তিনটি সুইচ ব্যবস্থাপনা কার্ড এবং ছয়টি তথ্যকেন্দ্রের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম কেনা হবে।
টিসিবির জন্য ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন
সভায় টিসিবির কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে দুই কোটি লিটার ভোজ্যতেল এবং ২০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। চারটি পৃথক প্রস্তাবের আওতায় এসব পণ্য কেনায় মোট ব্যয় হবে ৫৩১ কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান অয়েল এবং এক কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনা হবে। এর মধ্যে পাম অলিন সরবরাহ করবে সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি লিটার পাম অলিনের দাম পড়বে ১৮৪ টাকা ৩৮ পয়সা।
এ ছাড়া ২০ হাজার টন মসুর ডাল কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ১০ হাজার টন ডাল সরবরাহ করবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ। প্রতি কেজি ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সা। ১০ হাজার টন মসুর ডাল যৌথভাবে সরবরাহ করবে মদিনা ট্রেডিং করপোরেশন, ঢাকা এবং মেসার্স বিসমিল্লাহ ডাল মিল, রাজশাহী। প্রতি কেজি ডালের দাম ধরা হয়েছে ৮৩ টাকা ৬৩ পয়সা।
- বিষয় :
- জাহাজ
- কোস্টগার্ড
