ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

শিশু হত্যায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ক্ষোভ

শিশু হত্যায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ক্ষোভ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০০:৫৬

রাজধানীর পল্লবীতে শিশু হত্যাসহ দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। একই সঙ্গে এসব ঘটনার নিখুঁত ও জবাবদিহিমূলক তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ফোরামের সভাপতি মমতাজ আরা বেগমের সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২০ মে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে ৮ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। জানা যায়, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে তার স্কুলে যাওয়ার কথা থাকলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পাশের ফ্ল্যাটের সামনে তার জুতা পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে ফ্ল্যাটে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি মা। পরবর্তীতে পুলিশের সহায়তায় ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আট বছরের শিশুকে নৃশংসভাবে হত্যার এ ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে ফোরামটি। 

এছাড়া নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষকের ধর্ষণে ১১ বছরের এক মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাও দেশজুড়ে ক্ষোভ বাড়ায়। চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির জীবননাশের আশঙ্কা রয়েছে।

জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের বিবৃতিতে আরও জানানো হয়, গত চার মাসে সারাদেশে ৪৭ জন ধর্ষণ ও ৩১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতিতদের অধিকাংশই শিশু।  

বিবৃতিতে বলা হয়, সমাজে শিশুর সুষ্ঠু বিকাশ ও সুরক্ষার ঘাটতি, পারিবারিক ও সামাজিক পর্যায়ে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় আইনের যথাযথ প্রয়োগে দীর্ঘসূত্রতা এবং সামগ্রিক জবাবদিহির অভাবেই নারী ও শিশু অনিরাপত্তার মুখে পড়ছে। সংগঠনটি অবিলম্বে সব স্পর্শকাতর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

আরও পড়ুন

×