ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

চট্টগ্রামে বালুবাহী পিকআপে ট্রেনের ধাক্কা, এক ঘণ্টা রেল চলাচল বন্ধ

চট্টগ্রামে বালুবাহী পিকআপে ট্রেনের ধাক্কা, এক ঘণ্টা রেল চলাচল বন্ধ
×

পিকআপের সঙ্গে সংঘর্ষের পর বিকট শব্দ শুনে জরুরি চেইন টেনে ট্রেনটি থামানো হয়। ছবি: সমকাল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১২:০৮

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনের ওপর আটকে থাকা একটি বালুবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় যানটি দুমড়েমুচড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোনাপাহাড় এলাকায় একটি সড়ক সংস্কারকাজে বালু বহন করে নিয়ে যাওয়ার সময় পিকআপটি রেললাইনের ওপর উঠে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখে পিকআপের চালক ও সহকারী চালক গাড়িটি ফেলে নিরাপদ স্থানে সরে যান। পরে ট্রেনটি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশেই উল্টে পড়ে। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি।

স্থানীয় বাসিন্দা আবদুল হাই জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পিকআপটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার কাজে অংশ নেন। পরে জোরারগঞ্জ থানা পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করেন। প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

পাহাড়িকা এক্সপ্রেসের কন্ট্রাক্টর গার্ড মিজানুর চৌধুরী বলেন, পিকআপের সঙ্গে সংঘর্ষের পর বিকট শব্দ শুনে জরুরি চেইন টেনে ট্রেনটি থামানো হয়। পরে দেখা যায়, রেললাইনের ওপর আটকে থাকা একটি পিকআপের সঙ্গে ট্রেনটির ধাক্কা লেগেছে। তবে ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকাজ শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
 

আরও পড়ুন

×