ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানী ও বরিশালে আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী আটক

রাজধানী ও বরিশালে আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী আটক
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৯:০৭

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা এবং বরিশালে ঝটিকা মিছিলের চেষ্টার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৪২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ও জুমার নামাজের পর এই অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক সমকালকে বলেন, ধানমন্ডির বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করার প্রস্তুতি ছিল তাদের। এই অপতৎপরতা ঠেকাতে পুলিশও তৎপর ছিল। ধানমন্ডি ৩২ নম্বর, ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদ এলাকায় মিছিলের উদ্দেশে জড়ো হচ্ছিলেন নেতাকর্মীরা। তখন ফরিদপুরের ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মো. মুরাদসহ ২৬ জনকে আটক করা হয়। 

গ্রেপ্তার অন্যরা হলেন– আব্দুল হান্নান বিশ্বাস, মোস্তাক বিশ্বাস, মো. রনি, মো. জনি, মুরাদ লস্কর, সিয়াম হোসেন, তারিক জামিল, মো. রাজু, বিল্লাল বখতিয়ার, চয়ন বিশ্বাস, অমিত চক্রবর্তী, তানজিল বিন রশিদ, নিহাদুল ইসলাম, সুপ্ত ঘোষ, সজীব সাহা, কুতুব হিলালী, শিমুল, সোহান আহমেদ, তামিম মোল্লা, শিমুল বেপারী, আব্দুর রহিম, মির্জা ফারহান আনন্দ, নাইমুর রহমান সোহাগ, সোহরাব খাঁ ও জাহিদ খান।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল পৌনে ৬টার দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্রের নেতৃত্বে একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় জড়ো হন। তারা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় শেরেবাংলা নগর থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা দৌড়ে পালানোর সময় পুলিশ শ্যামলসহ ছয়জনকে গ্রেপ্তার করে। অপর পাঁচজন হলেন– আয়াতুল হক, মো. সিয়াম, মেহেদী হাসান মিয়াদ খান, তারেক রহমান ও সেলিম প্রধান শ্রাবণ।

বরিশালে ১০ কর্মী গ্রেপ্তার 
বরিশাল ব্যুরো জানায়, বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সকাল ৭টার দিকে নগরের বিএম কলেজ সংলগ্ন মধু মিয়ার গলিতে এই অভিযান চালানো হয়। 
কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম মো. নাসিম জানান, ৯৯৯ থেকে ফোন করে তাদের জানানো হয়, আওয়ামী লীগের সমর্থকরা জড়ো হয়েছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন– আমিনুল ইসলাম ইমরান, রাতুল খান, জাকারিয়া মীর,  ইমন ভূঁইয়া, মো. ইব্রাহিম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মো. মোরছালিন এবং রবিউল ইসলাম। এই ১০ জনসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে এসআই ইশতিয়াক আল মামুন থানায় মামলা করেছেন। গ্রেপ্তারদের আাদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×