সপ্তাহজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরম
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১১:৪৩
কয়েক দিনের তাপপ্রবাহ ও তীব্র ভ্যাপসা গরমের পর গতকাল রোববার বিকেল থেকে থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হয়েছে। এতে জনমনে সাময়িক স্বস্তি ফিরলেও সপ্তাহজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, জ্যৈষ্ঠের খরতাপ ও আর্দ্রতাজনিত অস্বস্তি জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।
গতকাল রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মাঝারি বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ, বৃষ্টির পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে গরম আরও বেশি অনুভূত হয়। এতে শরীরের ঘাম সহজে শুকায় না। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তি থেকেই যায়।
তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে সেটি স্বল্প সময়ের জন্য স্বস্তি দিলেও পরে আবার ভ্যাপসা গরম ফিরে আসবে। ঈদের ছুটির সময়েও দেশজুড়ে একই ধরনের আবহাওয়া থাকতে পারে।
গতকাল বিকেল ৪টার দিকে হঠাৎ করেই ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়, যা রাত পর্যন্ত স্থায়ী হয়। একই সময়ে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে দিনের তাপমাত্রা ও ভ্যাপসা গরমের তীব্রতা কিছুটা কমে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার ঢাকায় হয়েছিল ৮ মিলিমিটার বৃষ্টি। এদিন দেশের মধ্যে সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোনায়। এ ছাড়া সিলেটে ৬৬ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। তবে বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পর পানি নেমে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। আজ সোমবার সকাল কিংবা বিকেলে রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে তাপপ্রবাহের বিস্তৃতিও বেড়েছে। গত শনিবার দেশের ২০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও গতকাল তা ২১ জেলায় পৌঁছায়।
- বিষয় :
- আবহাওয়া অধিদপ্তর
- ভ্যাপসা গরম
