নেস্লে বাংলাদেশ কারখানা পরিদর্শনে সুইস প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৫:৫৮
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এইচ.ই. মার্কাস লেইটনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেস্লে বাংলাদেশ পিএলসি’র একমাত্র কারখানা পরিদর্শন করেছে। গত ১ জুন অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. রেটো রেংলিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল নেস্লের বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষ করে ইনফ্যান্ট ফর্মুলা উৎপাদন কার্যক্রম আন্তর্জাতিক মান, খাদ্য নিরাপত্তা ও উৎকর্ষতার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।
সফরে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নেস্লে বাংলাদেশের অবদান তুলে ধরা হয়। স্থানীয় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটির ভূমিকারও প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদল মন্তব্য করেন, শ্রীপুর কারখানাটি এমন একটি উদাহরণ, যেখানে একটি সুইস প্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি স্থানীয় উৎপাদন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নেস্লে বাংলাদেশের ‘ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালু’ উদ্যোগের আওতায় পুনরুজ্জীবনমূলক কৃষি, পুষ্টি এবং তরুণদের কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব উদ্যোগ বর্তমানে ২০ হাজারের বেশি পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
সফর শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে টেকসই বিনিয়োগ ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
- বিষয় :
- সুইজারল্যান্ড
- নেস্লে বাংলাদেশ
