টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিংনির্ভর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৮:৪১
| প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রতিবেদন করে পত্রিকার কাটিং থেকে। তারা কোনো তদন্ত করে না। টিআইবির প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সম্প্রতি আলোচিত তিনটি মামলার তদন্তে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে গত রোববার সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। টিআইবির এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সামনে সেই রিপোর্টটি (টিআইবির) নেই। আমরা মাসভিত্তিতে অপরাধের স্টেটমেন্ট করে থাকি। ডাকাতি, খুন, হত্যা ও ধর্ষণের মতো অপরাধ তালিকাভুক্ত করা হয়। কয়েক দিন আগে আমার কাছে আরেকটি রিপোর্ট এসেছিল, সেখানে দেখেছি ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র বর্তমান সরকারের সময়ে অনেক বেশি উন্নতি লাভ করেছে, অনেক অপরাধ কম। প্রকৃত তথ্য জানতে পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ-পরিসংখ্যানের ওপর নির্ভর করা উচিত।’
টিআইবির মূল্যায়ন সরকার গ্রহণ করছে নাকি প্রত্যাখ্যান করছে— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিআইবি সরকারি সংস্থা নয়। আপনারা পরিসংখ্যান নেবেন পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তারপর আপনারাই বিচার করবেন, জনগণ বিচার করবে। তিনি বলেন, পত্রিকায় অনেক খবর প্রকাশিত হয়, সেগুলো আমরা অবশ্যই নজরে আনি এবং খোঁজখবর নেই। প্রতিটি ঘটনা যে সঠিক, সে রকম বলা যাবে না।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণই এ বিষয়ে চূড়ান্ত বিচার করবে। আমরা পুলিশ বাহিনীকে জনবান্ধব করতে পেরেছি বলে মনে হয়। তদন্ত কার্যক্রমে পুলিশ সদস্যদের ভাতা ও আর্থিক বরাদ্দ প্রসঙ্গে এক প্রশ্নে মন্ত্রী বলেন, পুলিশের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে এবং সরকার সে বিষয়টি সম্পর্কে অবগত।
পুরস্কৃত ১৫ পুলিশ
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলা তদন্ত, গোয়ালন্দ ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাসে যাত্রীদের প্রাণরক্ষা এবং মুন্সীগঞ্জে এক তরুণীর মরদেহ উদ্ধারে সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বপূর্ণ আচরণের জন্য পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশ সদস্যদের প্রত্যেককে ২০ হাজার টাকা ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজ পরিয়ে দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে নৈতিকভাবে শক্ত করে তুলতে এবং তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের মাধ্যমে পুলিশ বাহিনী অনুপ্রাণিত হবে। পুলিশ সদস্যদের এ ধরনের সাহসিকতার জন্য অতীতে কখনও পুরস্কার দেওয়া হয়নি। এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পরে সাহসিকতার জন্য সারাদেশে এমন পুরস্কার দেওয়া হবে।
- বিষয় :
- টিআইবি