ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রতিবেদন নিয়ে সংসদে আলোচনা ইতিবাচকভাবে দেখছে টিআইবি

প্রতিবেদন নিয়ে সংসদে আলোচনা ইতিবাচকভাবে দেখছে টিআইবি
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদ এবং পুলিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রতিবেদনটি নিয়ে সংসদে আলোচনা এবং সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া তাদের গবেষণা ও জনস্বার্থভিত্তিক উদ্যোগকে আরও ফলপ্রসূ করতে সহায়ক হবে।

বিবৃতিতে বলা হয়, টিআইবি কোনো তদন্তকারী সংস্থা নয়; বরং গবেষণানির্ভর দুর্নীতিবিরোধী ও সুশাসনবিষয়ক একটি সংগঠন। সামাজিক বিজ্ঞান গবেষণার আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণগত ও পরিমাণগত পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস থেকে তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন প্রস্তুত করা হয়।
টিআইবি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত তথ্য সংগ্রহে বাংলাদেশ পুলিশ এবং তিনটি সুপরিচিত মানবাধিকার সংগঠনের তথ্য ব্যবহার করা হয়েছে, যা প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে প্রতিবেদনটি শুধু সংবাদপত্রের কাটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে– এমন মন্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই।
সংস্থাটি প্রশ্ন তোলে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকার ও জনপ্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং নিজেদের কার্যক্রম প্রচার-প্রসারে নির্ভর করে থাকেন। সেক্ষেত্রে গণমাধ্যমের তথ্যকে সামগ্রিকভাবে অবমূল্যায়নের কোনো যৌক্তিকতা নেই।

দুঃখ প্রকাশ
গত সোমবার সমকালের প্রথম পাতায় টিআইবি প্রকাশিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের ঘটনার বর্ণনায় ‘বেড়েছে’ শব্দটি ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। –বার্তা সম্পাদক।

আরও পড়ুন

×