ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠনের আহ্বান জুবাইদা রহমানের

ঢাবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠনের আহ্বান জুবাইদা রহমানের
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৫:৩১

পরিবেশ রক্ষায় ‘সবুজ স্বেচ্ছাসেবা’, ‘ক্লাইমেট ইউথ ফেলোশিপ’ এবং ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

ঢাবির কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কেন্দ্রীয় গ্যালারিতে ‘সার্চ ফর ফিউচার সায়েন্টিস্টস সায়েন্স ফেয়ার ২০২৬’ এর উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন। 

জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণকে শুধু একটি গতানুগতিক কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত একটি সবুজ বিপ্লবে রূপান্তর করা যেতে পারে। এ লক্ষ্যে ‘সবুজ স্বেচ্ছাসেবা’, ‘ক্লাইমেট ইউথ ফেলোশিপ’ এবং ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করতে পাঠ্যক্রমে ‘সবুজ স্বেচ্ছাসেবা’ যুক্ত করারও প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। নতুন নতুন উদ্ভাবন মানুষের দুর্ভোগ কমাবে এবং আগামীর বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।

জুবাইদা রহমান বলেন, বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে। বিজ্ঞানমনস্ক শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকদের চিন্তা ও উদ্ভাবনের ওপর ভর করেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।

আরও পড়ুন

×