‘ঈদে গাদীর’র গুরুত্ব তুলে ধরতে সাদরিয়া সোসাইটির সেমিনার
ছবি : সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৩:৫৩
‘ঈদে গাদীর’ (১৮ জিলহজ) উদযাপনের গুরুত্ব, তাৎপর্য এবং ইসলামের ইতিহাসে এর প্রাসঙ্গিকতা তুলে ধরতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাদরিয়া সোসাইটি, ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ, হেরাবন এবং তরিকতে আহলে বাইত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদরিয়া সোসাইটির চেয়ারম্যান ও অভিভাবক আনোয়ার আহমেদ শিবলী। সঞ্চালনা করেন সাদরিয়া সোসাইটির মহাসচিব এবং তরিকতে আহলে বাইত বাংলাদেশের সভাপতি আহম্মেদ কামরুল মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান ‘ঈদে গাদীর’র ঐতিহাসিক গুরুত্ব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এর ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি, নৈতিকতা ও জ্ঞানচর্চার গুরুত্বও তুলে ধরেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক ও ধর্মতত্ত্ববিদ মুহাম্মদ তানিম নওশাদ। তিনি বলেন, ‘ঈদে গাদীর’ মুসলিম উম্মাহর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নেতৃত্ব, দায়িত্ববোধ এবং ন্যায়বিচারের শিক্ষা বহন করে।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাহমুদুল হাসান, সাদরিয়া সোসাইটির ধ্যান ও সালাত বিষয়ক সম্পাদক ও মোফাসসেরে কোরআন; সংগঠনের যুগ্ম মহাসচিব লিয়াকত আলী খান; এবং সাংগঠনিক সম্পাদক ও তরিকতে আহলে বাইত বাংলাদেশের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল।
বক্তারা বলেন, ঈদে গাদীর কেবল একটি ঐতিহাসিক ঘটনা স্মরণের দিন নয়; বরং এটি মানবিক মূল্যবোধ, ন্যায়, নেতৃত্ব ও ঐক্যের বার্তা বহন করে। নতুন প্রজন্মের কাছে এ দিবসের তাৎপর্য তুলে ধরার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- সেমিনার
