পিতা-মাতার ভরণপোষণ আইন আরও যুগোপযোগী করতে হবে: ব্যারিস্টার বাদল
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৬:০২
পিতা-মাতার ভরণপোষণ আইনটি সংশোধনের মাধ্যমে আরও যুগোপযোগী করার পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল। তিনি বলেছেন, ২০১৩ সালে করা বিদ্যমান এই আইনটি সংশোধনের মাধ্যমে আইনের সার্বিক কার্যকারিতা বাড়াতে হবে। এছাড়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা প্রয়োজন। তাহলেই সন্তানরা পিতা-মাতাকে অবহেলা ও অবজ্ঞা করতে ভয় পাবেন।
শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে পিতা-মাতার অধিকার বাস্তবায়নে ভরণপোষণ আইন নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, বাবা-মার প্রতি যেন অবিচার না হয়, সেজন্য যথাযথ আইন প্রয়োগ করা দরকার। পাশাপাশি বিচারের দীর্ঘসূত্রিতা, বিচারহীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অপরাধীরা যেন বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষিত পরিবারেও অতি অর্থের মালিক, স্বাবলম্বিতা ও লোভের বশবর্তী হয়ে সন্তানেরা বৃদ্ধ বাবা-মাকে অবহেলা ও অবজ্ঞা করছে। দেশে প্রবীন নিবাস প্রতিষ্ঠা করার দরকার নেই। সন্তানের ঘরই হবে বাবা-মায়ের নিবাস। এটা আইনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
ব্যারিস্টার বাদল আরও বলেন, শুধু বাবা-মা নয় প্রতিবেশীও যদি অভিযোগ করে তাহলে সেটি আদালতে ফৌজদারি মামলা হওয়া দরকার। সন্তানের বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ না করাসহ অবহেলা, অযত্ন ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে আইন সংশোধনের মাধ্যমে তাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে রহিত করা যেতে পারে। বিচারের দীর্ঘসূত্রিতা, উদাসীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইন প্রয়োগ বাধাগ্রস্ত হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তবে পিতা-মাতার অধিকার সুরক্ষায় আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, মিরপুরে বৃদ্ধা নূরজাহান বেগমের করুণ মৃত্যুর ঘটনায় আইনের সাজার বিধান মেনে তার সরকারি চাকরিজীবী ছেলেকে বরখাস্ত করা যেতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, বেহেশততুল্য মা-বাবা বার্ধক্যে উপনীত হলে যারা নির্যাতন করে তারা মানুষরূপী পশু, অমানুষ, সমাজের কলঙ্ক, তাদের জীবন অভিশপ্ত। চরম অভিশপ্ত এই মানুষগুলো সমাজের আবর্জনা, সভ্যতার অভিশাপ, জন্মই তাদের আজন্ম বৃথা। মা-বাবারা শুধু মানসিক অবহেলা, অবজ্ঞা, অবরুদ্ধ থাকা কিংবা আর্থিকভাবে ঠকানোর শিকার ছাড়াও মারধরের মুখোমুখি হওয়ার অভিযোগ রয়েছে। যা খুবই দুঃখজনক।
তিনি বলেন, এবারের বাজেটে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের ট্রেনে যাতায়াতের ভাড়া মওকুফ ও মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা সিনিয়র সিটিজেনদের সম্মানিত করবে। কিন্তু আমাদের দেশে মাত্র ৬-৭টি বৃদ্ধ নিবাস রয়েছে। ঘোষিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ আরো বাড়িয়ে প্রতি জেলায় একটি করে আধুনিক ও মানসম্পন্ন প্রবীণ নিবাস তৈরির পরিকল্পনা গ্রহণ করা উচিত।
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ভরণপোষণ আইন দ্বারা সন্তানের ওপর পিতা-মাতার অধিকার আদায় করা সম্ভব শীর্ষক ছায়া সংসদে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিতার্কিকদের পরাজিত করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক আহাম্মেদ সরোয়ার হোসেন ভু্ঞা, সাংবাদিক মাকসুদ-উন-নবী ও ব্যারিস্টার কাজী জাওয়াদ বদরুদ্দোজা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
- বিষয় :
- ডিবেট ফর ডেমোক্রেসি
