ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশি তল্লাশি

কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশি তল্লাশি
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৭:২৬ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৭:৫৬

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার ভোরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এ অভিযান পরিচালনা করে। সেখানে সুমিত রায় নামে এক ব্যক্তিকে ধরতে এই অভিযান বলে জানা গেছে।

ইডির পক্ষ থেকে দাবি করা করা হচ্ছে, জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার সাবেক তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ইডির জেরায় তার সহায়ক হিসেবে সুমিত রায়ের নাম বলেছেন। সুমিত জমির দালালি করতেন।

ইডি বলছে, সুমিত রায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আশ্রয় নিয়েছেন বলে ইডির কাছে তথ্য আসে। এরপরই ইডি সুমিত রায়ের মুঠোফোনের অবস্থান পরীক্ষা করে দেখতে পায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আত্মগোপন করে আছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাত প্রায় ৩টার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় পুলিশ। বেশ কিছু সময় ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় নিরাপত্তারক্ষীদের সহায়তায় ভবনের ভেতরে প্রবেশ করেন কর্মকর্তারা। পরে তারা প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালান। সকাল ৭টার দিকে বেরিয়ে গেলেও কিছুক্ষণ পর আবার ভবনের ভেতরে প্রবেশ করেন।

তল্লাশির খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশির সময় তিনি অভিষেকের সঙ্গেই ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। সুমিত রায়ের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি-সংক্রান্ত অনিয়ম, আর্থিক প্রতারণা এবং অর্থের বিনিময়ে নির্বাচনী টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সুমিত রায়ের সর্বশেষ মোবাইল ফোনের অবস্থান কালীঘাট এলাকায় শনাক্ত করা হয়েছিল। সেই সূত্র ধরেই তাকে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনসহ পটুয়াপাড়া এলাকার পুরো বহুতলে তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

একই দিনে পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়ি ও সংশ্লিষ্ট স্থাপনায় অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সূত্র জানিয়েছে, ভবানীপুর, জোকা, বেলঘরিয়া ও দক্ষিণেশ্বরে অবস্থিত মদন মিত্রের একাধিক ঠিকানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

ইডির দাবি, তল্লাশির সময় মদন মিত্রের বাসভবন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ছয়টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

×