মহাকাশে ১০ লাখ ডেটা সেন্টার স্যাটেলাইট স্থাপনে মাস্কের পরিকল্পনা অনুমোদন ট্রাম্প প্রশাসনের
স্যাটেলাইট উৎক্ষেপণ করতে দেখা যাচ্ছে। ছবি: এপি
দ্য গার্ডিয়ান
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১২:১৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ১২:১৭
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার দেওয়া এ অনুমোদনের আওতায় ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অন্তত ১ লাখ স্যাটেলাইট মহাকাশে মোতায়েন করতে হবে।
স্পেসএক্সের প্রস্তাবিত ‘স্টারমাইন্ড’ নামের এসব স্যাটেলাইট মহাকাশেই তথ্য প্রক্রিয়াজাত করবে। এ ব্যবস্থার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার স্থাপনের জন্য এটিই প্রথম এ ধরনের অনুমোদন।
এফসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এ উদ্যোগ ‘আমেরিকার দ্রুত বর্ধনশীল সুপার ইন্টেলিজেন্স অর্থনীতিকে’ সহায়তা করবে। সংস্থাটির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, সুপার ইন্টেলিজেন্সের যুগে বিশ্বকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে।
পরিকল্পনার সমর্থকদের যুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ, পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। এতে পরিবেশের ওপরও চাপ তৈরি হচ্ছে।
স্পেসএক্স এফসিসিকে জানিয়েছে, মহাকাশে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর মাধ্যমে স্যাটেলাইটগুলো কম্পিউটিং খাতে খরচ ও জ্বালানি সাশ্রয়ে বড় পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে পৃথিবীতে ডেটা সেন্টারের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাবও কমানো সম্ভব হবে।
তবে এ পরিকল্পনা নিয়ে সংশয় রয়েছে। সমালোচকদের মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। বাস্তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লাগতে পারে।
জুলাইয়ে প্রকাশিত গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিসের (জিএও) এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে এগুলো বাস্তবায়নে প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ডেটা সেন্টারে প্রচুর তাপ উৎপন্ন হয়। কিন্তু মহাকাশে কম্পিউটিং যন্ত্রপাতি ঠান্ডা রাখার কার্যকর ব্যবস্থা তৈরি করা বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ। এ ছাড়া কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেলে সেগুলোর নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে। এতে স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষের ঝুঁকিও বাড়বে।
এফসিসির অনুমোদনের শর্ত অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে এ কার্যক্রম শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত স্যাটেলাইটের অন্তত ১০ শতাংশ বা ১ লাখ এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ স্যাটেলাইট মহাকাশে স্থাপন করতে হবে।
তবে স্পেসএক্স সত্যিই ১০ লাখ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমানে মহাকাশে মোট স্যাটেলাইটের সংখ্যা প্রায় ১৭ হাজার। অনেক সময় স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ পরিকল্পনায় নমনীয়তা রাখতে প্রকৃত প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইটের অনুমোদন চেয়ে থাকে।
এর আগে স্টারলিংক নেটওয়ার্ক চালুর সময় স্পেসএক্স ৪২ হাজার স্যাটেলাইট স্থাপনের অনুমোদন চেয়েছিল। বর্তমানে তাদের নেটওয়ার্কে মহাকাশে ১১ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে।
স্পেসএক্সের এ পরিকল্পনার বড় অংশ নির্ভর করছে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট ‘স্টারশিপ’-এর ওপর। রকেটটির উন্নয়নকাজ চলছে। এটি সফল হলে তুলনামূলক কম খরচে বিপুলসংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট ইউনিট ‘লিও’সহ অন্য সমালোচকেরা বলছেন, স্পেসএক্সের পক্ষে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করা কঠিন হতে পারে। এ কাজ শেষ করতে কয়েক শতাব্দী পর্যন্ত সময় লাগতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে গত মার্চে এ সমালোচনা প্রত্যাখ্যান করেন এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার। তিনি বলেন, অ্যামাজনের উচিত নিজেদের উৎক্ষেপণ কার্যক্রম ও স্যাটেলাইট নেটওয়ার্কের দিকে মনোযোগ দেওয়া। স্পেসএক্সের মতো দ্রুত ও নিয়মিতভাবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠানকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা স্পেসএক্সের ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনারও গুরুত্বপূর্ণ অংশ। গত জুনে প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হওয়ার সময় এ পরিকল্পনা কোম্পানিটির মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ২০২৭ সালের মধ্যে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়ে মাস্কের আশাবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।
এদিকে, স্পেসএক্সের অপটিক্যাল নেটওয়ার্ক শক্তিশালী করতে অতিরিক্ত যোগাযোগব্যবস্থা যুক্ত করার আবেদনও অনুমোদন করেছে এফসিসি।