পোশাক ভাড়া দিয়ে মাসে আয় ৬ লাখ টাকা
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১১:৩১
ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে এখন নিজের আলমারিতে থাকা পোশাক ভাড়া দিয়েই মাসে ৫ হাজার ডলার (প্রায় ৬ লাখ ২৬ হাজার টাকা) আয় করছেন সাবেক এক অর্থকর্মী। ৩৫ বছর বয়সী ওয়েন সং দীর্ঘ সাত বছর অর্থ খাতে কাজ করেছেন। তবে কর্মস্থলে যাওয়ার কথা ভাবলেই তার মধ্যে আতঙ্ক কাজ করত। জীবনে পরিবর্তন আনার প্রয়োজন অনুভব করার পর পোশাক ভাড়া দেওয়ার ব্যবসায় নামেন তিনি।
বিজনেস ইনসাইডারকে সং জানান, গত বছরের মে মাসে মানুষের নিজেদের পোশাক ভাড়া দিয়ে আয় করার বিষয়ে একটি নিবন্ধ পড়ার পর এ ব্যবসার ধারণা পান তিনি। সং বলেন, ‘আমার কাছে সবসময়ই পোশাকের দারুণ সংগ্রহ ছিল। তাই ভাবলাম, একবার চেষ্টা করেই দেখা যাক না কেন?’
বর্তমানে মূলত রাঁধুনি হিসেবে কাজ করেন সং। শুরুতে অনলাইন একটি প্ল্যাটফর্মে নিজের কয়েকটি পোশাক ভাড়া দেওয়ার জন্য তালিকাভুক্ত করেন তিনি। অল্প সময়ের মধ্যেই সাড়া পেতে শুরু করেন। তার কাছে পুরো প্রক্রিয়াটি দ্রুত ও সহজ মনে হয়েছিল।
তবে পোশাক পাঠানো এবং গ্রাহকসেবা নিয়ে শুরুতে কিছু সমস্যায় পড়তে হয় তাকে। ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়লে ওই প্ল্যাটফর্মে ‘স্টার লেন্ডার’ বা শীর্ষ ভাড়াদাতার স্বীকৃতি পান তিনি।
সং জানান, ২০২৬ সালের এপ্রিল নাগাদ নিয়মিতভাবে মাসে ৫ হাজার ডলার আয় করতে শুরু করেন। বর্তমানে তার প্রায় ৪৬০টি পোশাক ভাড়ার জন্য তালিকাভুক্ত রয়েছে। প্ল্যাটফর্ম থেকে আয় শুরু হওয়ার পর সেই অর্থের একটি অংশ দিয়ে আরও পোশাক কেনায় বিনিয়োগ করেন তিনি।
শুরুতে নিজের ব্যবহৃত পোশাকগুলোই ভাড়া দিতেন সং। তবে চাহিদা বাড়তে থাকায় জনপ্রিয় ও বেশি ভাড়া হওয়া পোশাকগুলোর একাধিক কপি কিনতে শুরু করেছেন তিনি।
যেভাবে ব্যবসা বাড়াচ্ছেন সং
নিজের সাফল্যের পেছনে পোশাকের ভাড়া নির্ধারণের কৌশলকে গুরুত্বপূর্ণ মনে করেন সং। তার গ্রাহকদের একটি বড় অংশ বোস্টনের বাইরের বাসিন্দা। তাদের পোশাকের ভাড়ার পাশাপাশি ডেলিভারি বা শিপিং খরচও দিতে হয়। তাই গ্রাহক আকৃষ্ট করতে এবং বুকিং বাড়াতে অন্যান্য বড় শহরের একই ধরনের পোশাকের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ কম ভাড়া রাখেন তিনি।
সং বলেন, ‘আমার ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে শুরু করেছি। এখন আমার কিছু নিয়মিত গ্রাহক রয়েছেন, যারা আমার কাছ থেকে পোশাক ভাড়া নেওয়ার ক্ষেত্রে ভরসা করেন। ইতিবাচক ও কৃতজ্ঞ গ্রাহকরাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগান।’
ফ্যাশনের নতুন প্রবণতা সম্পর্কে হালনাগাদ থাকতেও নিয়মিত সময় দেন তিনি। তার লক্ষ্য, সংগ্রহে যেন জনপ্রিয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পোশাকগুলো থাকে। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা নেন। প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘণ্টা গবেষণা ও পোশাক কেনাকাটায় ব্যয় করেন তিনি।
সংয়ের ভাষায়, কাজটি তার কাছে অনেকটা আগের দিনের অপশনস ট্রেডার হিসেবে কাজ করার মতো। তখন সারাদিন ২০টি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হতো তাকে।
রাঁধুনি ও পোশাক ভাড়ার ব্যবসা—দুই কাজই সামলাচ্ছেন সং। তিনি জানান, সপ্তাহে সাধারণত দুই দিন, বেশির ভাগ সময় ছুটির দিনে রান্নার কাজ করেন। বাকি দিনগুলো পোশাকের ব্যবসায় মনোযোগ দেন।
- বিষয় :
- পোশাক