এক্সপ্লেইনার
রাশিয়ার কথিত পারমাণবিক স্যাটেলাইট কী, বিপদটা ঠিক কোথায়?
মহাকাশে রাশিয়া পারমাণবিক স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে একাধিক জার্মান গণমাধ্যম। ইলাস্ট্রেশন: দ্য টেলিগ্রাফের সৌজন্যে
সাদিকুর রহমান
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১৫:০৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ১৫:১৪
জার্মানির একাধিক গণমাধ্যম সম্প্রতি একটি পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। নাম ‘স্পুতনিক-এস’। দাবি করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি উৎক্ষেপণ করবে রাশিয়া। সামরিক কর্মকর্তাদের আশঙ্কা অস্ত্রটি অন্য স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম।
রাশিয়া এসব প্রতিবেদনের দাবি অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেখা। সুতরাং গুরুত্ব দেওয়াটা জরুরি নয়।
তবে ন্যাটো ও জার্মানি প্রতিবেদনগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে মহাকাশে নিরাপত্তা নিশ্চিতের কথা বলেছে। প্রশ্ন উঠছে, স্পুতনিক-এস নিয়ে তাদের উদ্বেগের কারণ কী? মহাকাশে যেকোনো পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট বিস্ফোরণ হলে সেটির প্রভাব কীভাবে পড়বে?
স্পুতনিক-এস আসলে কী?
বেশ কয়েক বছর ধরেই রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী স্যাটেলাইট নিয়ে আলোচনা চলছে। জার্মান সম্প্রচারমাধ্যম ডব্লিউডিআর, এনডিআর এবং দৈনিক জুডডয়চে জাইটুং লিখেছে, স্পুতনিক-এস নামের স্যাটেলাইটটিও পারমাণবিক ওয়ারহেডযুক্ত। বর্তমানে এটিকে মস্কো অঞ্চলে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট (এফপিআরআই) তাদের এক নিবন্ধে লিখেছে, স্যাটেলাইটটি সম্পূর্ণ নকশা করা হয়েছে। মস্কো এটি উৎক্ষেপণ করবে নাকি শুধু বহরে প্রস্তুত রাখবে তা স্পষ্ট নয়।
এফপিআরআই আরও বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মেয়াদে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করলে রাশিয়া লাভবান হতে পারে। কারণ, ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে ট্রাম্প এমন পদক্ষেপের জবাবে কম আগ্রাসী হবেন।
স্পুতনিক-এস নিয়ে খবরটি সামনে এসেছে হাইব্রিড যুদ্ধের প্রেক্ষাপটে। গত কয়েক মাসে বিভিন্ন ধরনের নাশকতার জন্য রাশিয়াকে দায়ী করেছে ন্যাটো ও ইউরোপের দেশগুলো। এসব নাশকতার মধ্যে সাইবার হামলা ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা আছে।
ন্যাটো ও জার্মানি কেন উদ্বিগ্ন?
জার্মান গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্পুতনিক-এস পৃথিবীকে প্রদক্ষিণ করা গুরুত্বপূর্ণ যোগাযোগ ও পর্যবেক্ষণ স্যাটেলাইটগুলোয় বিঘ্ন ঘটানো এবং ক্ষতির কাজে ব্যবহার হতে পারে।
রাশিয়া যদি সত্যিই স্পুতনিক-এস উৎক্ষেপণ করে এবং ন্যাটো যদি পাল্টা ব্যবস্থা নেয়- তাহলে সংঘাতের ব্যাপ্তি মহাকাশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
যুদ্ধক্ষেত্র ও হাইব্রিড যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন ও ইউরোপ উভয়ের জন্য স্যাটেলাইট ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফপিআরআই বলছে, স্পুতনিক-এসের মূল লক্ষ্য সম্ভবত পশ্চিমা স্যাটেলাইট ব্যবস্থা। বিশেষ করে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স।
এএফপির তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ইউক্রেনের সামরিক বাহিনী স্পেসএক্সের স্টারশিল্ড ব্যবস্থা ব্যবহার করে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের ওপরও তারা নির্ভরশীল।
এ ধরনের বাণিজ্যিক মহাকাশব্যবস্থার সামরিক ব্যবহার নিয়ে রাশিয়া দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। ইউরোপের আশঙ্কা এ কারণেই মস্কো পাল্টা ব্যবস্থা খুঁজছে। তবে রাশিয়া স্পেসএক্সকে লক্ষ্য করেই পারমাণবিক স্যাটেলাইট উৎক্ষেপণ করবে- তা নিশ্চিত করে বলার সময় আসেনি।
রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেন যেমন স্টারলিংক ও অন্য পশ্চিমা স্যাটেলাইট ব্যবহার করছে, তেমনি ন্যাটোর সামরিক বাহিনীতেও এর ব্যবহার বাড়ছে।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তায় ন্যাটো ও জার্মানি অন্যতম ভূমিকা রাখছে। গত সোমবার ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস দুজনই স্পুতনিক-এস সংক্রান্ত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ম্যার্ৎস বলেন, মহাকাশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নতুন নয়। তবে এ ধরনের খবর সবসময়ই উদ্বেগজনক। এ থেকে বোঝা যায়, উত্তেজনা বাড়াতে রাশিয়া কতটা প্রস্তুত।
একই সংবাদ সম্মেলনে মার্ক রুটে বলেন, ‘ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার বিষয়টি আমরা নিশ্চিত করব। মহাকাশের ক্ষেত্রেও একই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’
ইউক্রেন ন্যাটোভুক্ত দেশ নয়। তবে সম্প্রতি জোটের অন্তত চারটি সদস্য দেশের ভূখণ্ড ও আকাশসীমায় রাশিয়ার ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছিল। দেশগুলোর হলো- পোল্যান্ড, রোমানিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া।
ফলে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ন্যাটোকেও অস্তিত্ব রক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চাপে ফেলেছে।
মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে কী হবে?
স্কাই নিউজের তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) প্রায় ১৬ হাজার স্যাটেলাইট আছে। এত ভিড়ের মধ্যে একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হলে তা এক স্যাটেলাইট মহাপ্রলয়ে পরিণত হবে।
এফপিআরআই বলছে, এমন বিস্ফোরণ নির্বিচার ক্ষতি করবে। কে স্যাটেলাইটের মালিক বা কারা পরিচালনা করছে, সে বাছবিচার থাকবে না।
ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান জোসেফ আশবাখার জার্মান গণমাধ্যম হ্যান্ডেলসব্লাটকে বলেছেন, মহাকাশে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি ‘ভয়াবহ দুঃস্বপ্নের’ মতো পরিস্থিতি তৈরি করবে।
মহাকাশে সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের প্রভাব নিয়ে একটি মডেল তৈরি করেছেন প্রিন্সটন ও উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মডেল অনুযায়ী, দক্ষিণ আটলান্টিকের ওপর নিম্ন কক্ষপথে ১ মেগাটন ক্ষমতার একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটালে দুটি ধাপে ক্ষয়ক্ষতি হবে।
এক্স-রে তরঙ্গের ধাক্কায় তাৎক্ষণিক প্রভাব হিসেবে ২-৫ শতাংশ স্যাটেলাইটের ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে যাবে। বিস্ফোরণ থেকে নির্গত উচ্চ-শক্তির কণা ও ইলেকট্রন পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আটকে গিয়ে তেজস্ক্রিয় বলয় তৈরি করবে। এতে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ স্যাটেলাইট অচল হয়ে যাবে।
লাগাতার তেজস্ক্রিয়তা ও নিয়ন্ত্রণহীন স্যাটেলাইটগুলোর সংঘর্ষের ফলে পৃথিবীর নিম্ন কক্ষপথের অধিকাংশ স্যাটেলাইট এক সপ্তাহের মধ্যে অকার্যকর হতে পারে। ধ্বংসাবশেষ ও বিকিরণের কারণে এই কক্ষপথ দীর্ঘদিনের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে।
১৯৬২ সালে যুক্তরাষ্ট্র ‘স্টারফিশ প্রাইম’ নামে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। এফপিআরআই জানায়, সে সময় কক্ষপথে থাকা বেশ কয়েকটি স্যাটেলাইট বিকিরণে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ছিল বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট ‘টেলস্টার-১’।
স্পুতনিক-এস নিয়ে ন্যাটো ও জার্মানির উদ্বেগে পারমাণবিক বিস্ফোরণের প্রভাবও গুরুত্ব পাচ্ছে। যেকোনো ধরনের বিস্ফোরণ পশ্চিমা সামরিক স্যাটেলাইটের পাশাপাশি অন্য দেশের যোগাযোগ, নেভিগেশন ও বাণিজ্যিক স্যাটেলাইটকে অকার্যকর করতে পারে।
১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি বা মহাকাশ চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র বা অন্য গণবিধ্বংসী অস্ত্র বহনকারী কোনো বস্তু স্থাপন করা যাবে না। ফলে চুক্তি লঙ্ঘন হলে মহাকাশের সামরিকীকরণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়বে।