ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সিকিম ভ্রমণে খরচ বাড়ছে

সিকিম ভ্রমণে খরচ বাড়ছে
×
×

ছবি: মোহাম্মদ জাহিদুল ইসলাম

শুভজিৎ পুততুন্ড, কলকাতা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১৪:১৪

আগামী বছর থেকে ভারতের সিকিম ভ্রমণের খরচ বাড়তে যাচ্ছে। পর্যটকদের ভিড় ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ও নির্দিষ্ট পর্যটনকেন্দ্রে নতুন প্রবেশমূল্য চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার।

সিকিমের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নির্দিষ্ট কিছু পর্যটনকেন্দ্র ও সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রে পর্যটকবাহী যানবাহনকে নির্ধারিত ফি দিতে হবে। প্রশাসনের দাবি, সংবেদনশীল এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন নিয়মে পর্যটকদের ভ্রমণ ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যেসব এলাকায় দিতে হবে প্রবেশমূল্য
নির্দেশিকা অনুযায়ী, গ্যাংটক, পাকিয়ং ও মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে নতুন ফি কার্যকর হবে। গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক ও লিংতাম এলাকায় এ নিয়ম প্রযোজ্য হবে।

অন্যদিকে, মঙ্গন টেরিটোরিয়াল ডিভিশনের আওতায় উত্তর সিকিমের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলো থাকবে। সিকিম পাবলিক সিকিউরিটি রুলস, ১৯৬২ এবং সিকিম ফরেস্ট রুলস, ২০০৭-এর অধীনে নির্দেশিকাটি জারি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর নোডাল বিভাগ হিসেবে পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দপ্তরের সঙ্গে সমন্বয় করে পারমিট ও ফি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।

সিকিমে এক বাংলাদেশি দম্পতি। ছবি: ইসমাত আবিয়াতযানবাহনভেদে কত ফি
গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা ও অবস্থানভেদে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। ১ হাজার সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির জন্য গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনে ১ হাজার ৫০০ টাকা এবং মঙ্গনে ১ হাজার ২০০ টাকা দিতে হবে। ৬ থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে এ ফি যথাক্রমে ২ হাজার ৫০০ ও ১ হাজার ৫০০ টাকা।

১১ থেকে ১৫ আসনের ফোর্স বা টেম্পো ট্রাভেলারের জন্য গ্যাংটক ও পাকিয়ংয়ে ৪ হাজার ৫০০ টাকা এবং মঙ্গনে ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাসের ক্ষেত্রে ১৬ থেকে ২০ আসনে ফি ৬ হাজার ৫০০ ও ৩ হাজার ৫০০ টাকা। ২১ থেকে ৩০ আসনের বাসের জন্য দিতে হবে যথাক্রমে ৭ হাজার ৫০০ ও ৫ হাজার ৫০০ টাকা। আর ৩০ বা তার বেশি আসনের বাসের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ও ৭ হাজার ৫০০ টাকা।

ব্যক্তিগত মোটরসাইকেলের প্রবেশমূল্য ৭৫০ টাকা। এর সঙ্গে সহযাত্রীর জন্য দিতে হবে ৩৫০ টাকা। সিকিমে নিবন্ধিত স্থানীয় ট্যাক্সি বাইকের ক্ষেত্রে চালকের ফি ৩৫০ টাকা এবং সহযাত্রীর ২৫০ টাকা।

যারা ছাড় পাবেন
তবে নতুন নিয়মে সবাইকে প্রবেশমূল্য দিতে হবে না। বৈধ সার্টিফিকেট অব আইডেন্টিফিকেশন (সিওআই), রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (আরসি), সিকিম সাবজেক্ট অথবা ভোটার পরিচয়পত্র থাকা যোগ্য স্থানীয় বাসিন্দারা এ ফি থেকে ছাড় পাবেন। কর্তব্যরত সরকারি কর্মী, সেনাসদস্য এবং তাদের অতিথিদের জন্যও নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে হোমস্টেতে থাকা বা দর্শনীয় স্থান ঘুরতে যাওয়া পর্যটকদের অনলাইনে পারমিট নিতে হবে। তবে এ ক্ষেত্রে কোনো পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। সাধারণ গেস্ট হাউস, অনুমোদিত সরকারি গেস্ট হাউস এবং সরকারি সফরের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ফি মওকুফ থাকবে।

এ ছাড়া ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধিত মালিকের নামে পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। থার্ড মাইল লিংতাম, ডগর গেট, টুং সাঙ্কালান ও ফেদাং চেকপোস্ট দিয়ে নির্ধারিত পারমিট ও ফি সাপেক্ষে এসব এলাকায় প্রবেশ করতে হবে।

তবে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে পরিবহণ চুক্তির আওতায় চলাচলকারী বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। গ্রাম পঞ্চায়েত বা অন্য কোনো সংস্থা অতিরিক্ত প্রবেশমূল্য আদায় করতে পারবে না বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

ছবি: ট্রিপবুক সল্যুশনপর্যটনশিল্পে উদ্বেগ
সরকারের সিদ্ধান্তকে পরিবেশ রক্ষার উদ্যোগ হিসেবে দেখা হলেও পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামীর মতে, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত ভিড় কমাতে এ উদ্যোগ কার্যকর হতে পারে।

সিআইআইয়ের পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যালের আশঙ্কা, নতুন ফি শেষ পর্যন্ত পর্যটকদেরই বহন করতে হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকাগুলোতে মূলত সিকিমের গাড়ি চলাচল করে। ফলে বাড়তি ব্যয়ের চাপ পর্যটকদের ওপর পড়বে। এর প্রভাব সিকিম-দার্জিলিং পর্যটন সার্কিটেও পড়তে পারে।

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, নতুন ফি চালু হলে সাধারণ পর্যটকদের ভ্রমণ বাজেট বাড়বে।

পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, খরচ বেড়ে গেলে অনেক পর্যটক সিকিমের পরিবর্তে দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সের মতো বিকল্প গন্তব্য বেছে নিতে পারেন। এতে সিকিমের হোটেল, পরিবহণ ও স্থানীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

×