গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় করেন। ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৬:৩৮ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৬:৪৮
গোপালগঞ্জ সদর এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ওই যুবক পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে। এর আগে, গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। আজ শনিবার সকালে এলাকাবাসী নিহতের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর মূল কারণ সম্পর্কে জানা যাবে।
- বিষয় :
- গোপালগঞ্জ
- মরদেহ উদ্ধার
- নিখোঁজ
