গাজীপুরে একাধিক টর্চার সেল, অভিযোগ এমপির
ছবি: সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১২:৩৬ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১৩:৪২
গাজীপুরের বিভিন্ন এলাকায় গোপনে ‘টর্চার সেল’ পরিচালনার অভিযোগ উঠে এসেছে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায়। এ অভিযোগ উত্থাপন করেন খোদ গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি দাবি করেন, জেলার অন্তত ৩-৪টি স্থানে এমন টর্চার সেল বা নির্যাতনকেন্দ্র গড়ে উঠেছে, যেখানে আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে মানুষকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এ অভিযোগ তোলেন তিনি। সভায় উপস্থিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। কারা এসব টর্চার সেল পরিচালনা করছে, তা দ্রুত তদন্ত করে বের করতে হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নিজেদের হাতে আইন তুলে নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এমনকি এ ধরনের কর্মকাণ্ডে সরকারদলীয় কোনো ব্যক্তি জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খখলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান অপরাধীদের একটি নির্ভুল তালিকা প্রণয়নের ওপর জোর দেন। তিনি বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানিমূলক অভিযানের শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে চুরি, ছিনতাই ও সড়ক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদারের আহ্বান জানান তিনি।
সভায় উত্থাপিত অভিযোগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, অতীতে রাজনৈতিক পটপরিবর্তনের নানা সময়ে দেশে টর্চার সেলের অভিযোগ শোনা গেছে। কিন্তু আইনের শাসনে বিশ্বাসী কোনো রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের কর্মকাণ্ডের স্থান নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পুলিশ বাহিনীকে নির্দেশ দেন।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক চুরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কে বা কারা এ টর্চার সেল করেছে সে বিষয়ে জানতে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, সভায় আমিও উপস্থিত ছিলাম। এমপি অভিযোগ উত্থাপনের পরপরই আমার তদন্ত কাজ শুরু করেছি। কে বা কারা কোথায় এ টর্চার সেল গড়ে তুলেছে সেটা আমরা বের করব।
- বিষয় :
- গাজীপুর
