আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুজনকে হত্যা, মামলার রায় ২৮ জুন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:৩৮
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় ২৮ জুন ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।
এ দিন প্রসিকিউশন পক্ষে সমাপনী বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি।
সোমবার এ মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। প্রথমেই আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। এ ঘটনার সঙ্গে তাঁর মক্কেলের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। তবে প্রসিকিউশনের পক্ষে মামলার পাঁচ আসামিরই সর্বোচ্চ শাস্তি চান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এর আগে, ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। জবানবন্দিতে এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও আনেন তিনি। চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম ধাপে সাক্ষ্য দেন এই আসামি।
এ মামলায় চঞ্চল ছাড়া অন্যরা পলাতক রয়েছেন। তাঁরা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
