পর্দা-ওয়াশিং মেশিন চান জামায়াত এমপি, চেয়ার চাইলেন বিএনপির সদস্য
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২১:১৭
জাতীয় সংসদের বাজেট আলোচনায় সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য। একইসঙ্গে অধিবেশন কক্ষের চেয়ার পরিবর্তনের দাবি তুলেছেন নোয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য।
বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে মিজানুর রহমান বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাটগুলোতে এখনো জানালা-দরজার পর্দা লাগানো হয়নি। এছাড়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন ওভেন সরবরাহের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তিনি স্পিকারের মাধ্যমে এসব সুবিধা দ্রুত নিশ্চিত করার দাবি জানান।
বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, শুধু বড় আকারের বাজেট প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভাতা ও বিভিন্ন কার্ডভিত্তিক সহায়তা সাময়িক স্বস্তি দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে দারিদ্র্য বিমোচনের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। তিনি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষা খাতে বরাদ্দের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, শিক্ষা বাজেট ব্যয়ের ক্ষেত্রে সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে।
অন্যদিকে স্পিকার -এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। তিনি সংসদের অধিবেশন কক্ষের চেয়ারগুলোর অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
জয়নাল আবদিন ফারুক বলেন, বর্তমান চেয়ারগুলোতে বসতে অনেক সংসদ সদস্যের অসুবিধা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়া সদস্যদের জন্য এগুলো অস্বস্তিকর। তিনি চেয়ারগুলোর নকশাগত ত্রুটি দূর করে আরও আরামদায়ক করার দাবি জানান।
চেয়ারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, অনেক চেয়ারের পিন ও সংযোগ অংশ ঢিলা হয়ে যাওয়ায় সদস্যদের হাত কেটে যাওয়ার মতো ঘটনা ঘটছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সংসদের কার্যক্রম আরও কার্যকর ও সদস্যবান্ধব করতে আবাসন সুবিধা এবং অধিবেশন কক্ষের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন দুই সংসদ সদস্য।
- বিষয় :
- সংসদ
- জামায়াতে ইসলামী
- এমপি