কৃষক কার্ড পাওয়া কৃষক কবির হোসেনের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক
কৃষক কবির হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২৩:৪৫
প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড পাওয়া টাঙ্গাইলের আলোচিত কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনার নানা দিক তুলে ধরার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড গ্রহণের ঘটনায় তিনি দেশজুড়ে আলোচনায় আসেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, কবির হোসেন ছিলেন একজন কর্মঠ, আত্মমর্যাদাসম্পন্ন ও কৃষিপ্রেমী মানুষ। কৃষিকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং কৃষকের সংগ্রাম, সাফল্য ও জীবনযাত্রার বাস্তব চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মন্ত্রী আরও বলেন, কবির হোসেনের অকাল মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ কৃষক, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব এবং কৃষি অঙ্গনের সুপরিচিত মুখকে হারাল।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কৃষক কার্ড পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে প্রশাসনের তদন্তে তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি পান।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
- বিষয় :
- কৃষিমন্ত্রী
- শোক
- কৃষক
