ফেনীতে যুবলীগ নেতার লাশ মিলল পুকুরে
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
ফেনীতে একই রাতে দুটি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় বাড়ির অদূরে পুকুরে পাওয়া গেছে ঘোপাল ইউনিয়ন যুবলীগের নেতা যোবায়ের হোসেন পারভেজের (৩৫) মরদেহ। ফুলগাজীতে ঘরের টিন কেটে ঢুকে দুর্বৃত্তরা কাজল আক্তার (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে। গত শুক্রবার রাতে দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। গতকাল শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে এক যুবক নিহত হয়েছেন। কক্সবাজারে শুক্রবার রাতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিন সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় এক কলেজছাত্র খুন হন, দুপুরে পাবনায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
হাত-পা ও গলায় আঘাত
ফেনীর ছাগলনাইয়ায় নিহত যোবায়ের হোসেন পারভেজ ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা সমিতি বাজার এলাকার আবু তাহেরের ছেলে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকের দেওয়া তথ্যমতে, পারভেজ ভবিষ্যতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হতে চাইতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতিতে জড়িত থাকায় ফেনী নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী নৌকার ব্যবসায় জড়িত। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়িতে ডাকাতিসহ নিজকুঞ্জরা বিসিক শিল্পনগরী এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর পারভেজের খামার থেকে ৭-৮টি গরু লুট হয়। এ সময় তাঁর বাড়িতে অগ্নিসংযোগও করা হয়।
স্বজনেরা জানান, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ডজনখানেক মামলায় পারভেজ ও একই এলাকার মামুনুর রশিদ মামুন দীর্ঘদিন কারাগারে ছিলেন। তখন আদালতের নানা ধরনের ফির খরচ পারভেজ দেন। মামুন টাকা দেননি। তারা জামিনে ছাড়া পাওয়ার পর একটি দোকান নিয়ে পারভেজের সঙ্গে মামুন ও শাহাদাত হোসেনের বিরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাড়ির সামনে মামুনের সঙ্গে পারভেজের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তিনি টর্চলাইট দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। বিষয়টির রাতেই সুরাহা হয়। রাতে পারভেজকে ঘর থেকে ডেকে নেন মামুন ও শাহাদাত। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। গতকাল ভোরে স্থানীয় লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখেন। স্বজনেরা তাঁকে পারভেজ হিসেবে শনাক্ত করেন। তাঁর ভাই নয়ন জানান, মরদেহ তোলার পর দেখতে পান পারভেজের দুই হাত, দুই পা ও গলা কাটা।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের জানান, নিহত পারভেজ, তাঁর হত্যার ঘটনায় সন্দেহভাজন মামুন ও শাহাদাতের নামে থানায় বেশ কিছু মামলা রয়েছে। কিছুদিন আগেও তারা কারামুক্ত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে বিরোধ বেড়েছে। ইতোমধ্যে ডিবি পুলিশ চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে আহত অবস্থায় শাহাদাতকে আটক করেছে। পারভেজের বাবা আবু তাহের শাহাদাত ও মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাপরিচয় ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
চালা কেটে গৃহবধূকে হত্যা
গতকাল সকালে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়ার বাড়ি থেকে কাজল আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বামী নুরুল আমিন কুয়েতপ্রবাসী। এই দম্পতির তিন সন্তান। মরদেহ উদ্ধারের সময় কাজলের হাত-পা ও মুখ বাঁধা ছিল। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার শেষরাতে দুর্বৃত্তরা চালা কেটে ঘরে ঢুকে হাত-পা বেঁধে কাজলকে হত্যা করেছে বলে ধারণা প্রতিবেশীদের।
যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় লালমাইয়ে এনায়েত হোসেন ওরফে বাহার (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক প্রবাসীর স্ত্রী (৩৫) বাহারকে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে ঘটনা জানান। ওই নারী দাবি করেছেন, ধর্ষণচেষ্টা ঠেকাতে তিনি ওই যুবককে হত্যা করেন।
তবে বাহারের মা নেহারা বেগমের ভাষ্য, তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী। প্রতিবেশীদের সঙ্গে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে তাঁর ছেলেদের বিরোধ ছিল। শনিবার ফজরের নামাজের পর প্রবাসীর স্ত্রী বাহারকে ঘরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।
গতকাল সন্ধ্যায় লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ওই নারী জানিয়েছেন, বাহার তাঁকে ধর্ষণের চেষ্টা করলে নিজেকে রক্ষায় কুপিয়ে হত্যা করেছেন। এমন বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।
পৃথক বিরোধে তিন খুন
এদিকে গতকাল দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৩৫) নামে এক যুবক নিহত হন। নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
কক্সবাজারের পেকুয়ায় কিরিচের আঘাতে নিহত হয়েছেন আবু তাহের (৬৫) নামের এক ব্যক্তি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান।
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে সুমন শেখ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
বালুমহালের বিরোধে খুন
পাবনায় পদ্মা নদী থেকে বালু তোলার দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মঞ্জু শেখ (৩৫) নামের এক বিএনপিকর্মী। শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাঁড়ারা ও চরতারাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।
- বিষয় :
- লাশ উদ্ধার
