ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

অস্বাভাবিক মৃত্যু না থামালে প্রতিটি ঘটনার দায় সরকারকে নিতে হবে: আনু মুহাম্মদ 

অস্বাভাবিক মৃত্যু না থামালে প্রতিটি ঘটনার দায় সরকারকে নিতে হবে: আনু মুহাম্মদ 
×

আনু মুহাম্মদ। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০১:৩৯

দেশে চলমান মবসন্ত্রাস, বিনা বিচারে আটক এবং হেফাজতে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, গুম, মব সহিংসতা এবং শ্রমিক নির্যাতনের মতো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বন্ধ না হলে প্রতিটি ঘটনার দায় সরকারকেই নিতে হবে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি’ দীর্ঘদিন ধরেই নাগরিকদের অন্যতম মৌলিক দাবি। কারও রাজনৈতিক মত, দলীয় পরিচয় বা অপরাধের অভিযোগ থাকলেও যথাযথ তদন্ত ও বিচার ছাড়া তাকে আটক, নির্যাতন বা হত্যা করার কোনো অধিকার রাষ্ট্রের নেই। বরং নাগরিককে এমন জুলুম থেকে রক্ষা করাই রাষ্ট্রের দায়িত্ব।

আনু মুহাম্মদ অভিযোগ করেন, গত কয়েক দশক ধরে ক্রসফায়ার, হেফাজতে মৃত্যু ও অন্যান্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিভিন্ন সরকারের সময় ঘটেছে। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসব ঘটনার মাত্রা ভয়াবহ রূপ নেয়, যা গণঅভ্যুত্থানের অন্যতম কারণ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাস বেড়েছে এবং বর্তমান নির্বাচিত সরকারের আমলেও সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে ধরপাকড়, হয়রানি, অযৌক্তিক মামলা, বিনা বিচারে আটক এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গুম, নদীতে লাশ উদ্ধার এবং ধর্ষণের পর হত্যার ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে আনু মুহাম্মদ বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের সদস্য হওয়া কিংবা কাউকে এ ধরনের পরিচয়ে চিহ্নিত করলেই তার ওপর নির্যাতন বৈধ হয়ে যায় না। অপরাধের অভিযোগ থাকলে যথাযথ তদন্তের মাধ্যমে বিচার হতে হবে, কিন্তু শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের নিপীড়ন গ্রহণযোগ্য নয়। পুলিশ হেফাজতে যদি মানুষ নিহত হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে, এমন প্রশ্নও তোলেন তিনি।

শ্রমিক নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সম্প্রতি এক নারী শ্রমিক অসুস্থ হওয়ার পরও ছুটি না পেয়ে কারখানায় কাজ করতে গিয়ে মারা গেছেন। এটিকে তিনি ‘খুন’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন, শ্রমিকদের আন্দোলনের সময় সক্রিয় থাকা শিল্প পুলিশ এ ধরনের ঘটনায় কেন নীরব।

স্ট্যাটাসের শেষাংশে আনু মুহাম্মদ বলেন, এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে প্রতিটি অস্বাভাবিক মৃত্যু ও হত্যাকাণ্ডের দায় সরকারকেই বহন করতে হবে।

আরও পড়ুন

×