২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২০:৩৪
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার ৬১ থেকে ৬৫ বছর বয়সী এক নারী।
নতুন আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ, যা মোট আক্রান্তের ৬১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ৬২ জন নারী, যা ৩৮ দশমিক ৩ শতাংশ। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬১ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। সেখানে নতুন রোগীর সংখ্যা ৪৬। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। এর মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৬৭ জন নারী। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৫৫ জন ডেঙ্গু রোগী।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন, মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে আক্রান্ত হয়েছেন ১৮৬ জন, মারা গেছেন পাঁচজন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮৮ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১৬৭ জন আক্রান্তের বিপরীতে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪০ জন আক্রান্তের বিপরীতে তিনজন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৭৭২ জন আক্রান্তের বিপরীতে একজন, খুলনা বিভাগে ৭২৫ জন আক্রান্তের বিপরীতে একজন এবং রাজশাহী বিভাগে ২২২ জন আক্রান্তের বিপরীতে একজনের মৃত্যু হয়েছে। সিলেট ও রংপুর বিভাগে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরুতে জানুয়ারিতে আক্রান্ত হন ১ হাজার ৮১ জন এবং মৃত্যু হয় দুজনের। ফেব্রুয়ারিতে আক্রান্ত হন ৪০৯ জন, মৃত্যু হয় আরও দুজনের। মার্চ ও এপ্রিল মাসে সংক্রমণ কিছুটা কম থাকলেও মে মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১৪ জনে, ওই মাসে মৃত্যু হয় একজনের। তবে জুনে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সদ্য সমাপ্ত মাসটিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।
