জাতীয় সঞ্চয়পত্রে সুদহার অপরিবর্তিত থাকছে
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২১:২৮
সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ছয় মাসের জন্য অপরিবর্তিত রাখা হচ্ছে। ফলে বর্তমানে যে মুনাফার হার কার্যকর রয়েছে, সেটিই বহাল থাকবে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রতি ছয় মাস পরপর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে পুনর্নির্ধারণ করা হয়। গত জানুয়ারিতেও সরকার সুদহার কমানোর ঘোষণা দিয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের সুদহারই বহাল রাখা হয়।
এক সময় সঞ্চয়পত্রের সুদহার দীর্ঘদিন অপরিবর্তিত থাকত। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রতি ছয় মাস অন্তর তা পরিবর্তন করা হচ্ছে। ওই সময় থেকে সরকারি ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে পাঁচ বছর ও দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয় মাসের নিলামের গড় সুদের হারের ভিত্তিতে এ হার নির্ধারিত হয়। সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমে যাওয়ায় সঞ্চয়পত্রের মুনাফার হারও কমছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী এবার সুদহার কমানো হলে সরকারের প্রায় ২ হাজার কোটি টাকা সাশ্রয় হতো। তবে মধ্যবিত্ত পরিবারের অনেকেই সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করে সংসার চালান। এ কারণে সরকার বর্তমান সুদহারই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যমান নিয়ম অনুযায়ী, সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী এবং দ্বিতীয় ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারী। ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার বেশি, আর এর বেশি বিনিয়োগে হার কিছুটা কম। বিভিন্ন সঞ্চয় কর্মসূচিতে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত।
- বিষয় :
- সঞ্চয়পত্র
