আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে সব ব্যাংকে আলাদা সেল গঠনের নির্দেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:৩৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:৩৬
আমদানি-রপ্তানিসহ সব ধরনের বৈদেশিক লেনদেনে পণ্যের প্রকৃত, প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করতে ব্যাংকগুলোকে পৃথক ও কেন্দ্রীয় সেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর নিজস্ব চাহিদা ও সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি মূল্য যাচাইকরণ প্ল্যাটফর্মের (প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্ম) সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আমদানি–রপ্তানির আড়ালে অর্থ পাচারের ঝুঁকি কমাতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে ব্যাংকগুলোর এলসির তথ্য তদারকি করে থাকে। চরম ডলার সংকট শুরুর পর ২০২২ সালের জুলাই থেকে ৩০ লাখ ডলারের বেশি এলসি খোলার আগে বাংলাদেশ ব্যাংকে তথ্য দেওয়ার বিধান করা হয়। এলসি মূল্য বাজারের সঙ্গে সামঞ্জস্য কিনা, কি পণ্য আনা হচ্ছে- এসব যাচাই করে এরপর অনাপত্তি দেয় বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংকগুলোর নিজ উদ্যোগে তথ্য যাচাই করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন এ নির্দেশনা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগেই পৃথক সেল গঠন এবং উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করার জন্য প্রতিটি অনুমোদিত ডিলার ব্যাংককে একটি স্বতন্ত্র সেল বা ইউনিট স্থাপন করতে হবে। এর আগে, গত ১৩ আগস্টের সার্কুলারে ঋণপত্র খোলা বা আমদানি কার্যক্রম শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারদর যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। নতুন এই পদক্ষেপ সেই কার্যক্রমকে আরও সুসংগঠিত ও জোরদার করবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংকগুলোকে তাদের পরিচালন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সাশ্রয়ী অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাইকরণ প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে। এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে পণ্যের যৌক্তিক ও প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।
- বিষয় :
- আমদানি
- আমদানি-রপ্তানি