ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সঞ্চয় থেকে জনকল্যাণে বিনিয়োগ সম্মেলন ২ ডিসেম্বর, গুরুত্ব পাবে দেশীয় পুঁজি

সঞ্চয় থেকে জনকল্যাণে বিনিয়োগ সম্মেলন ২ ডিসেম্বর, গুরুত্ব পাবে দেশীয় পুঁজি
×
×

তেজগাঁওয়ে ন্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:১৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:১৯

ব্যাংকিং খাতে জমা থাকা সঞ্চয়, পেনশন ও বিমা তহবিল এবং প্রবাসীদের পাঠানো অর্থকে মানুষের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় কীভাবে কাজে লাগানো যায়- তা নিয়ে আলোচনা করতে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিনিয়োগ সম্মেলন ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট দিবস। আগামী ২ ও ৩ ডিসেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।   

‘ইমপ্যাক্ট ইনভেস্টাইম ২০২৬’ শীর্ষক এই আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মোবিলাইজিং ডোমেস্টিক ক্যাপিটাল’ বা দেশীয় পুঁজির কার্যকর ব্যবহার। ন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ড (ন্যাব), জিএসজি ইমপ্যাক্ট ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ন্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ন্যাব বাংলাদেশের সিইও ফরহাদুর রেজা সম্মেলন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। 

তিনি বলেন, বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। ফলে আগামী বছরগুলোতে সহজ শর্তের বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমে আসবে। তখন দেশের নিজস্ব পুঁজির কার্যকর ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সিইও আরও বলেন, দেশের বিপুল পরিমাণ ব্যক্তিগত সঞ্চয়, ব্যাংকিং খাতের অর্থ, পেনশন ও বিমা তহবিল, ইসলামী আর্থিক প্রতিষ্ঠান এবং প্রবাসীদের পাঠানো অর্থকে এমন ধরনের বিনিয়োগে লাগানোর সুযোগ রয়েছে, যা একদিকে আর্থিক মুনাফা নিশ্চিত করবে, অন্যদিকে পরিমাপযোগ্য সামাজিক ও পরিবেশগত ইতিবাচক প্রভাব তৈরি করবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, জলবায়ু সহনশীলতা, নারী উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানে দেশীয় পুঁজি ইতোমধ্যে ভূমিকা রাখছে; সম্মেলনে এসব খাতে বিনিয়োগ আরও বাড়ানোর পথ খোঁজা হবে।

দুই দিনের আয়োজনে যা থাকছে

প্রথম দিন উদ্বোধনী বক্তব্য ও মূল প্রবন্ধের পর ইমপ্যাক্ট স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের উদ্যোগ নিয়ে ‘স্টার্ট-আপওয়ার্ডস’ প্রদর্শনীর উদ্বোধন হবে। দিনভর ইকোসিস্টেমের সহায়ক শক্তি ও স্থানীয় উদ্যোক্তাদের সাফল্য নিয়ে প্যানেল আলোচনা, গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড উদ্যাপন, আঞ্চলিক অর্থায়ন আলোচনা ও নৈশভোজের আয়োজন রাখা হয়েছে।   

দ্বিতীয় দিনে ঝুঁকিপুঁজি ও বেসরকারি বিনিয়োগ, ইমপ্যাক্ট ট্রান্সপারেন্সি ও পরিমাপ এবং ইমপ্যাক্ট ইকোনমিতে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সমান্তরাল অধিবেশন, অংশীজনদের নিয়ে কর্মশালা এবং ইমপ্যাক্ট খাতে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ‘ইমপ্যাক্ট ইনভেস্টার’ স্বীকৃতি দেবে ন্যাব।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, শ্রীলঙ্কা ও সুইজারল্যান্ডের প্রতিনিধি ও বক্তারা অংশ নেবেন। দক্ষিণ-দক্ষিণ আঞ্চলিক সহযোগিতা বিষয়ক বিশেষ প্যানেলে থাকবেন শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। এ ছাড়া বিজনেস স্কুলগুলোতে মাস্টারক্লাস এবং বিদেশি অতিথিদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা, উদ্যোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়ান-টু-ওয়ান বৈঠকের ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যাকশন এইডের প্রতিনিধি জায়াদ আল ইবরাহীম প্রচলিত বিনিয়োগ ও ইমপ্যাক্ট বিনিয়োগের পার্থক্য তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিল্ড বাংলাদেশের পরিচালক ইরাদ কাউসার বলেন, দেশীয় পুঁজি কাজে লাগিয়ে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করার বড় সম্ভাবনা বাংলাদেশের রয়েছে।

২০১৮ সাল থেকে দেশে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গঠনে কাজ করছে ন্যাব, যার সচিবালয় পরিচালনা করছে বিল্ড বাংলাদেশ। উদ্যোগটির সহযোগী প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে জিএসজি ইমপ্যাক্ট, জিএসজি জাপান, বিল্ড বাংলাদেশ, ইমপ্যাক্ট ইনভেস্টিং অস্ট্রেলিয়া, জাইকা, সুইস কন্ট্যাক্ট, সুইজারল্যান্ড দূতাবাস, ব্র্যাক, ইউসিবি ব্যাংক, সাজিদা ফাউন্ডেশন, এএনডিই, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইম্প্রেস ক্যাপিটাল লিমিটেডসহ ন্যাবের বিভিন্ন বিদেশি চ্যাপ্টার।

আরও পড়ুন

×