ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২০:৫১

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে ৯৫১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬৭ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯০৮ জন।

এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন মাসে সারাদেশে মোট ১ লাখ ২ হাজার ২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্ট ও ক্লিনিক্যালি মোট ১২ হাজার ১৩২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনকভাবে আরও ৬২৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এতে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭১৯ জনে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্তের দিক থেকে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ৪৬ হাজার ৬৩৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ১২২ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ বিভাগে সন্দেহজনকভাবে ২৬৯ জন এবং নিশ্চিতভাবে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যায় চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থানে। সেখানে মোট ১৭ হাজার ৭০২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১৮৫ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ১০ হাজার ২৩১ জন এবং রাজশাহী বিভাগে ৮ হাজার ২৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন

×