ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

হলি আর্টিজান ট্র্যাজেডি 

নিহত সাত জাপানিকে শ্রদ্ধাভরে স্মরণ করল জাইকা

নিহত সাত জাপানিকে শ্রদ্ধাভরে স্মরণ করল জাইকা
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৬:৫৬ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৭:০১

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে, নিহত ৭ জন জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বুধবার রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্র (এমইআইসি) আয়োজিত স্মরণসভায় জাইকা জানায়, নিহত সাত জাপানি নাগরিক বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের অবদানেই ঢাকা মেট্রোরেলের ভিত্তি রচিত হয়, যা বর্তমানে রাজধানীর লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশ-জাপান অংশীদারত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুইয়া, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপান সরকার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা, নিহতদের পরিবারের সদস্য, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অংশীজনরা।

স্মরণসভায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শান্তি, সহনশীলতা ও উন্নয়ন সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে যুক্ত কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল (সাবেক ওএলএমইসি), টোকিউ কনস্ট্রাকশন, টোয়া কর্পোরেশন, তেক্কেন কর্পোরেশন, নিপ্পন সিগন্যাল, কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ, নিপ্পন কোই, মারুবেনি কর্পোরেশন এবং মিতসুবিশি কর্পোরেশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শৌগাতুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তবে হলি আর্টিজান হামলায় প্রাণ হারানো জাপানি নাগরিকদের স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের জন্য আরও উন্নত জীবন নিশ্চিত করা। তাদের সেই স্বপ্নকে ধারণ করে এবং নিরাপত্তার প্রতি দৃঢ় অঙ্গীকার বজায় রেখে জাইকা বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে।

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছরে বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাইকা। সংস্থাটি জানায়, ঢাকা মেট্রোরেল দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, যৌথ উদ্যোগ এবং টেকসই উন্নয়নের প্রতি অভিন্ন বিশ্বাসের একটি উজ্জ্বল প্রতীক।

আরও পড়ুন

×