জেলেপাড়ায় চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ফাইল ছবি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৯:৫৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে এক জেলে সম্প্রদায়ের নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রবিউল হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাঁকে প্রাণনাশের ভয় দেখানোর পাশাপাশি গোপনে ধারণ করা ভিডিও প্রকাশের হুমকিও দেন।
ভুক্তভোগী নারী জানান, তাঁর স্বামী মাছ ধরতে সাগরে থাকায় তিনি ঘরে একা ছিলেন। গভীর রাতে রবিউল হোসেন ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে গলায় ছুরি ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বিষয়টি কাউকে জানালে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। তাঁর প্রতিরোধের মুখে অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় একটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর স্বামী বলেন, শুক্রবার সকালে সাগর থেকে ফিরে স্ত্রীর কাছ থেকে ঘটনা জেনে থানায় অভিযোগ করেছেন। তাঁর দাবি, তিনি সাগরে থাকায় স্ত্রীকে ঘরে একা পেয়ে পরিকল্পিতভাবে অভিযুক্ত ওই ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেন। এর আগেও রবিউল হোসেনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে ওই নারীকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় একটি মোবাইল ফোন ও কিছু টাকা চুরি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ধর্ষণচেষ্টা
- চট্টগ্রাম
