ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কর্ণফুলী নদীতে সাড়ে ১২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ৬

কর্ণফুলী নদীতে সাড়ে ১২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ৬
×

কর্ণফুলী নদীতে চোরাকারবারী চক্রের গ্রেপ্তার ছয় সদস্য

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২০:৩০ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ২০:৩১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল উদ্ধার এবং চোরাকারবারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় একটি অয়েল ট্যাংকার, ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল এবং ডিজেল স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি পাম্প মোটরসহ পাইপ জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত তিনটার দিকে চট্টগ্রামের সদরঘাট নৌ থানা পুলিশ কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি সংলগ্ন ওটি ইশরাত নামের একটি অয়েল ট্যাংকারে এই অভিযান চালায়। ওসি মো. মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে ডিজেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্যাংকারে থাকা সুপারভাইজার, মাস্টার ও স্টাফসহ ছয়জনকে আটক করা হয়। তারা হলেন- আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), আব্দুল হালিম (৩৫), নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) ও নুরুল আমিন (৫০)।

নৌ পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আরিফুল ইসলাম ২০১৭ সালের একটি হত্যা মামলার আসামি। আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে।

নৌ-পুলিশ গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করা ডিজেল ট্যাংকারে ভর্তি করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় সংঘবদ্ধভাবে চোরাই ডিজেল কেনাবেচার সঙ্গে জড়িত তারা। 

এ ঘটনায় নৌ পুলিশের এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ছয়জনসহ অজ্ঞাত আরও দু’জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেন।  

 

 

আরও পড়ুন

×