বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জে গ্রেপ্তার
মো. সাব্বির হোসেন সানি। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৪:৪৬
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী মো. সাব্বির হোসেন সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বড় সাজ্জাদের অন্যতম সহযোগী ডেভিড ইমন কারাগারে যাওয়ার পর তার পরিবর্তে সানি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তাকে ধরতে কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে। সম্প্রতি চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ডও গোয়েন্দা পুলিশের হাতে এসেছে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানি জানিয়েছেন, বড় সাজ্জাদের কাছ থেকে মাসোহারার বিনিময়ে কাজ করতেন। এ জন্য মাসে ৫০ হাজার টাকা পেতেন। একসময় বিদেশে থাকা সানি বড় সাজ্জাদের নির্দেশে গত বছর দেশে ফেরেন। এরপর থেকে তাঁর হয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়ান।
সানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল। তিনি জানান, সানির অডিও রেকর্ডসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। চাঁদাবাজির সঙ্গে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা, সহযোগীদের পরিচয় এবং অপরাধী চক্রের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বড় সাজ্জাদের হয়ে সানিসহ অন্য সদস্যরা বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করতেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা টাকা আদায়ে ব্যর্থ হলে সানির নির্দেশে স্থানীয় সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীর বাসা কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলাও চালানো হতো।
- বিষয় :
- গ্রেপ্তার
- নারায়ণগঞ্জ
- সন্ত্রাসী সাজ্জাদ