ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসির ফলাফলে শিক্ষাব্যবস্থার প্রকৃত অবস্থা উঠে এসেছে: সারজিস আলম

এইচএসসির ফলাফলে শিক্ষাব্যবস্থার প্রকৃত অবস্থা উঠে এসেছে: সারজিস আলম
×
×

ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৫:৩২

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। এ জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় দৈনিক পঞ্চগড় খবর-এর প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল নিয়ে আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ, ফলাফল বের হয়ে এসেছে।’ এবারের পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশের কিছু বেশি এবং জিপিএ-৫ পেয়েছেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী উল্লেখ করে তিনি বলেন, এই ফলাফলে শিক্ষাব্যবস্থার প্রকৃত অবস্থা সামনে এসেছে।

শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনা থেকে দূরে সরে যাওয়াকে দায়ী করেন সারজিস। এ পরিস্থিতির জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক-সবার দায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সময়ের পরীক্ষার ফলাফলের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের সময়ের ফলাফলগুলো ছিল মাকাল ফলের মতো। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তখন পাসের হার ছিল ৯০ শতাংশ, অনেক শিক্ষার্থী এ প্লাস পেত। কিন্তু ঠিকমতো ইংরেজিতে একটা লাইনও লিখতে পারত না। আমরা ওই ধরনের শিক্ষাব্যবস্থা আর চাই না।’

দৈনিক পঞ্চগড় খবর-এর সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×