ফুলবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৫:৫৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১৬:৩০
দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে রুহুল আমিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (নাউয়ার মোড়) এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অম্রবাড়ী এলাকার সামিউল মুন্সির একটি গরু গোয়ালঘর থেকে ছুটে যায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে তাকে নাউয়ার মোড় এলাকায় নিয়ে মারধর করা হয়।
এ সময় খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন মারধরের প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরও চারজন আহত হন। তারা হলেন অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মহিন আলী (২০) এবং মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) ও রাশেদ ইসলাম (৩০)। তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এদিকে ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে স্থানীয় কয়েকজন রুহুল আমিনকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ এখনো এলাকায় পৌঁছায়নি। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- দিনাজপুর
- ফুলবাড়ী
- পিটিয়ে হত্যার অভিযোগ