৪৬ জন পরীক্ষার্থী, ৪৬ জনই পেলেন জিপিএ-৫
রাজশাহী ক্যাডেট কলেজ
রাজশাহী ক্যাডেট কলেজ
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৪:১৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১৪:২৭
এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবার কলেজটির ৪৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। তাদের সবাই জিপিএ-৫ অর্জন করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যক্ষ বলেন, রাজশাহী ক্যাডেট কলেজের ভালো ফলের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার চর্চা করানো হয়। এ ছাড়া সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক চরিত্রের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া কামনা করেন তিনি।
- বিষয় :
- এইচএসসি
- রাজশাহী শিক্ষা বোর্ড