ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালি কাছে জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

হরমুজ প্রণালি কাছে জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
×
×

হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

আল–জাজিরা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৪:১৮

ওমানের মুসান্দাম উপকূলে হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে আগুন ধরে যাওয়া একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমান। শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘রিটি’ নামের বাণিজ্যিক জাহাজটি থেকে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল বলে জানিয়েছে জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিক।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে ‘অননুমোদিত পথ’ ব্যবহারের চেষ্টার অভিযোগে চারটি তেলবাহী ট্যাঙ্কার থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে উদ্ধার হওয়া ট্যাঙ্কারটি ওই চারটির কোনো একটি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার আইআরজিসি জানায়, প্রথমে দুটি ট্যাঙ্কার অননুমোদিত পথে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং প্রণালির দক্ষিণে তাদের যাত্রা থেমে যায়। কয়েক ঘণ্টা পর আরও দুটি ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিটি ট্যাঙ্কারে ২০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল। এ ছাড়া ইরানের নৌবাহিনী প্রণালির পূর্ব দিকে শত্রুপক্ষের একটি চালকবিহীন জলযান ধ্বংসের দাবি করেছে।

ইরান বারবার সতর্ক করে জানিয়েছে, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে তেহরান এই জলপথের বড় অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে নৌ-মাইন থাকার দাবি অস্বীকার করেছে। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান নৌ-পথগুলো থেকে ইরানের পেতে রাখা মাইন অপসারণ করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় ৭০ শতাংশ কমে গেছে।

আরও পড়ুন

×