চট্টগ্রাম
ফুটবল খেলায় জয়ের উল্লাস মুহূর্তেই পরিণত হলো মৃত্যুশোকে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২০:২৩
গোলপোস্টের বারটি ছিল লোহার। কে জানতো সেই লোহার বারটি এত নড়বড়ে। কেউ লাফিয়ে ধরলেই ভেঙে পড়বে। কিন্তু সেটিই ঘটেছে। ফুটবল খেলায় জয়ের পর খুশিতে লাফিয়ে গোলপোস্টের বারে ঝুলেছিলেন মাহিদুল ইসলাম রামে এক তরুণ। তখনই ওপরের সেই বারটি হঠাৎ করেই খুলে যায়। মাহিদুল নিচে পড়ে যেতেই লোহার ভারি বারটিও তার বুকে গিয়ে পড়ে। তাতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু ঘটে তার।
আজ শুক্রবার সকালে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত মাহিদুল পটুয়াখালী জেলার বাউফল থানার কোনোপদিয়া রাসেল গাজীর বাড়ির রাসেল গাজীর ছেলে। তবে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বসবাস করছিল সে।
পরিবারের সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হালিশহরের বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ও বিকেলে স্থানীয় কিশোর ও তরুণরা এই মাঠে ফুটবল খেলে থাকে। আজ শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিলেন মাহিদুল। দুইভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলেন। খেলায় জয়লাভের পর খুশতে উল্লাসের এক পর্যায়ে গোলপোস্টের বারে ঝুলেছিল সে। কিন্তু সেই বারটি দু’পাশ থেকে খুলে পড়ে। নিজে নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বারটিও তার বুকে পড়ে। সকাল ৮টায় তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহিদুলকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেছেন। পরে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
- বিষয় :
- চট্টগ্রাম
