প্রধানমন্ত্রী জানালেন, কাঁঠাল রপ্তানি হবে চীনে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৮:৩৫
চীনে কাঁঠাল রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান জানান, চীনে বাংলাদেশি কাঁঠাল খুব জনপ্রিয়। দেশটিতে কাঁঠাল রপ্তানিতে চুক্তি হয়েছে সাম্প্রতিক সফরে।
আজ বুধবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে কামরুল হাসান প্রশ্নে বলেছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রচুর লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন হয়। বড় বাজার রয়েছে। জাতীয় অর্থনীতিতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি সেখানে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়।
গত মাসে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘কিছুদিন আগে চীন সফরে আমি দেশটির সঙ্গে চুক্তি সই করেছি। আমাদের দেশের কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনের মানুষ খুব পছন্দ করে কাঁঠাল। ইনশাআল্লাহ আমরা চীনে কাঁঠাল রপ্তানি করব।’
প্রধানমন্ত্রী জানান, ‘‘মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘মালয় ফল ডোরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মত। মালয়েশিয়া প্রতি বছর চীনে এক বিলিয়ন ডলারের ডোরিয়ান রপ্তানি করে।’ মালয়েশিয়া যদি পারে, ইনশাআল্লাহ আমরা কাঁঠালও রপ্তানি করতে পারব। ইনশাআল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।’
এর আগে প্রধানমন্ত্রী জানান, ফুলবাড়িয়ায় আনারস প্রক্রিয়াজাতকরণে শিল্প করা হয়েছিল। কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ কারখানা চালুর উদ্যোগ রয়েছে সরকারের। পৃথক শিল্পাঞ্চল করার পরিকল্পনা নেই সরকারের।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
- সংসদ অধিবেশন
- চীন