ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সংসদে মাধবপুর-নাসিরনগর সড়ক সংস্কারের দাবি এমপি ফয়সলের

সংসদে মাধবপুর-নাসিরনগর সড়ক সংস্কারের দাবি এমপি ফয়সলের
×

সদস্য সৈয়দ মো. ফয়সল। ফাইল ছবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৯:৩৫

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল জাতীয় সংসদে মাধবপুর উপজেলার খাস্তি নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ এবং নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত সড়কের জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন।

বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাস্তি নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সেখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। 

সংসদ সদস্য ফয়সল আরও জানান, ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে খাস্তি নদীর ওপর বেইলি সেতু নির্মাণের ফলে মাধবপুর ও নাসিরনগরের মধ্যে যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়। দুই উপজেলার মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দীর্ঘদিন ব্যবহারের কারণে বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

তিনি বলেন, নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই দ্রুত সড়কটি সংস্কার ও প্রয়োজনীয় স্থানে টেকসইভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলম বলেন, সংসদ সদস্য জাতীয় সংসদে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তুলে ধরেছেন। নাসিরনগরের অধিকাংশ মানুষ ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন প্রয়োজনেই মাধবপুরে যাতায়াত করেন। তাই এই সড়ক ও সেতুর উন্নয়ন বাস্তবায়িত হলে দুই উপজেলার লাখো মানুষ সরাসরি উপকৃত হবেন। 

তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

আরও পড়ুন

×