সীমান্তে ২৩ জনকে পুশইনের চেষ্টা
উত্তরের চার সীমান্ত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১০:৪৭
| প্রিন্ট সংস্করণ
দেশের উত্তরাঞ্চলের চার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ অন্তত ২৩ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই প্রচেষ্টা পণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার ভোররাত থেকে সকালের মধ্যে পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাট ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এসব পুশইনের ঘটনা ঘটে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গতকাল সকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া সীমান্তের মেইন পিলার ৪৩৪-এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, পুশইনের চেষ্টার শিকার ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ছিল। দায়িত্বরত বিজিবি সদস্যদের তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
দিনাজপুরে চারজনকে
দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর সময় এক নারীসহ চারজনকে ফেরত পাঠিয়েছে বিজিবি। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিএসএফ।
বিজিবি জানায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবি বাধা দেওয়ায় তারা শূন্যরেখায় অবস্থান করছেন।
জয়পুরহাটে আলো নিভিয়ে পুশইনের চেষ্টা
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে লাইটপোস্টের আলো নিভিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই তিন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। গতকাল ভোর ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকায় এই পুশইন চেষ্টার ঘটনা ঘটে।
জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, বিএসএফ তিনজনকে পুশইনের চেষ্টা করলে আমরা তা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।
পাটগ্রাম সীমান্ত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ধবলসুতী সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় জনতা ওই তিনজনকে ভারতের অভ্যন্তরেই আটকে রেখেছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)