ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার

এইচআরএসএসের প্রতিবেদন

ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:৫২

| প্রিন্ট সংস্করণ

বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৩৪ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৬০ জন, হুমকি পেয়েছেন ৪৯ সাংবাদিক। একই সময়ে ১১ জন সাংবাদিককে আটক করা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে মানবাধিকার পরিস্থিতির এই প্রতিবেদন তৈরি করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসে (জানুয়ারি-জুন) রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতার ঘটনায় দলীয় কোন্দলে ৫৬ জন নিহত হয়েছেন। একই সময়ে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় আহত হয়েছেন ৫ হাজার ২৪৬ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ ছাড়া মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে ৪০টি সভা-সমাবেশ আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এসব ঘটনায় ৩১১ জন আহত ও ৩৮ জন আটক হন। তাদের মধ্যে রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ পথচারী রয়েছেন। এছাড়া, সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন ধারায় আলাদা ৩০ মামলায় ৮১ জনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে।
এইচআরএসএস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় ছয় মাসে ৪ জনকে আটক করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক ব্যক্তির সমালোচনায় ১ জনকে পিটিয়ে হত্যা, ২ জন আহত, ১৮ জনকে আটক ও ১৭টি মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন অবমাননার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে ও একজনকে মারধর করা হয়েছে।

সাইবার নিরাপত্তা অধ্যাদেশের অধীনে ৩৩ সাংবাদিককে আসামি করে ১৫টি মামলা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে সাইবার নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে ৫টি মামলা হয়। ওই বছর মোট ১৬ মামলায় ২৩ জনকে অভিযুক্ত ও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিচারবহির্ভূত হত্যা
এইচআরএসএসের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলি ও কথিত বন্দুকযুদ্ধে ১১ জন নিহত হয়েছেন। 
সংগঠনটি বলছে, ছয় মাসে হেফাজতে ও নির্যাতনের শিকার হয়ে ৫ জন, গুলিবিদ্ধ হয়ে ২ জন ও কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
কারা হেফাজতে মৃত্যুর বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম ছয় মাসে দেশের কারাগারগুলোতে অন্তত ৫৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন কয়েদি ও ৩২ জন হাজতি। এরমধ্যে ১৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের, একজন বিএনপির এবং ৪২ জন সাধারণ কয়েদি।

আরও পড়ুন

×