শাপলা চত্বর হত্যাকাণ্ডে মামলা
খসড়া প্রতিবেদনে শেখ হাসিনা প্রধান আসামি
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০৮:৩৪ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০৮:৩৫
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।
গতকাল রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তাঁর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, শাপলা চত্বরে ৬১ জন নিহত হওয়ার একটি তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
আমিনুল ইসলাম আরও বলেন, ‘খসড়া প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ বেশ কয়েকজনের নাম এসেছে। আমরা যাচাই-বাছাই করে দেখব।’ আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, প্রধান প্রতিবেদক ফারজানা রূপা, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সাবেক আইজিপি, র্যাবের সাবেক মহাপরিচালক এবং ডিএমপির তৎকালীন কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা।
গতকাল হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আসে একটি প্রতিনিধি দল। এতে আল্লামা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিস প্রমুখ ছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের নিয়ে খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করেছি। শিগগিরই পূর্ণ প্রতিবেদন হাতে পাব বলে আশা করছি। আশা করছি, ২১ জুলাই এটি ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।’
প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই তারা দাবি করে আসছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। তাঁর মতে, সেই সময় রাষ্ট্রীয়ভাবে মরদেহ গুম করার চেষ্টা হয়েছিল। ফলে তদন্ত প্রতিবেদনে অনেক তথ্য অন্তর্ভুক্ত হয়নি। তবে তাদের কাছে সংরক্ষিত প্রামাণ্য তথ্য অনুযায়ী ৬১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
- বিষয় :
- রাজধানী