ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কর্মচারীদের নিয়োগপত্র, নির্দিষ্ট কর্মঘণ্টা ও পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি

কর্মচারীদের নিয়োগপত্র, নির্দিষ্ট কর্মঘণ্টা ও পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি
×

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২০:৪৩

দোকান কর্মচারীদের জন্য নিয়োগপত্র, পরিচয়পত্র, নির্দিষ্ট কর্মঘণ্টা, বেতন কাঠামো ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলরুমে বাংলাদেশ দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত দোকান কর্মচারী ও হকার শ্রমিক সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিবর্তনের পরও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি হয়নি; বৈষম্য ও বঞ্চনা এখনও রয়ে গেছে।

তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলনেও শ্রমিকরা জীবন দিয়েছেন। কিন্তু আজও নিজেদের ন্যায্য অধিকার আদায়ে তাদের রাজপথে নামতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

দোকান কর্মচারীদের দুরবস্থার কথা তুলে ধরে আতিকুর রহমান বলেন, দেশে প্রায় ৯২ লাখ দোকান কর্মচারী রয়েছেন, যাদের অধিকাংশেরই নিয়োগপত্র ও পরিচয়পত্র নেই। নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় অনেককে ১২ ঘণ্টা বা তারও বেশি সময় কাজ করতে হয়। অনেক প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটিও দেয় না। তিনি অবিলম্বে দোকান কর্মচারীদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, বেতন কাঠামো এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

হকারদের বিষয়ে তিনি বলেন, পুনর্বাসনের ব্যবস্থা ও যথাযথ নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করা উচিত নয়। উচ্ছেদের নামে অনেক ক্ষেত্রে চাঁদাবাজির সুযোগ সৃষ্টি হয়। হকারদের আইনি স্বীকৃতি দিয়ে তাদের জীবিকার অধিকার নিশ্চিত করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম বলেন, শ্রমিকদের ওপর বৈষম্য, শোষণ ও নির্যাতন এখনও অব্যাহত রয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম বলেন, উচ্ছেদ অভিযানের নামে হকারদের হয়রানি করা হচ্ছে। পুনর্বাসনের পরিবর্তে চাঁদাবাজির সুযোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মুহিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

সমাবেশ থেকে জুলাই সনদ বাস্তবায়ন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর, দোকান কর্মচারীদের চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন কাঠামো প্রণয়ন এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

×