আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
মোজাফফরকে আগামীকাল হাজিরার নির্দেশ
মোজাফফর হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৮:৩৪
| প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগ আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার সেনাবাহিনীকে এ আদেশ দেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁকে হাজির করতে বলা হয়েছে। গত ১৫ জুলাই রাতে বনানী ডিওএইচএসের এক বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন।
আদেশের পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সারাদেশে যখন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও মোজাফফর হোসেন ও সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটি সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা আছে; ওয়ান ইলেভেনের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো বিষয়ে সংশ্লিষ্টতা আছে কিনা, তা উদ্ঘাটনে তদন্ত কর্মকর্তা একটি আবেদন করেছেন। মোজাফফর হোসেনকে হাজির করা হলে শোন অ্যারেস্টের আবেদন করবেন। প্রয়োজনে দুইজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
মাসুদ উদ্দিন চৌধুরীকে গত ২৩ মার্চ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে মামলার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে।
চিফ প্রসিকিউটর বলেন, “মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে তদন্ত করতে গিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পারে, তাঁর একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে জানা গেল, মাসুদ উদ্দিন চৌধুরী এবং তাঁর পিএর মধ্যকার কথোপকথনের মধ্যে ‘জন্ডু’নামীয় এক ব্যক্তি আছেন, যা একটি ছদ্ম নাম। এই জন্ডু হচ্ছেন মোজাফফর হোসেন, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী।”
- বিষয় :
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল