সেমিনারে তথ্যমন্ত্রী
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়
জহির উদ্দিন স্বপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:৩৩
| প্রিন্ট সংস্করণ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই দেশের সব ভাষা, ধর্ম, সংস্কৃতি ও নৃগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একমাত্র অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য জাতীয় পরিচয়।
গতকাল বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জবি শাখা।
তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির জন্মের সমাধান যেমন মেজর জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে করেছিলেন, তেমনি জাতির পরিচয়ের সংকটও তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রবর্তনের মাধ্যমে সমাধান করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক দর্শন নয়; এটি বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের অভিন্ন পরিচয়ের ধারণা। এই পরিচয় কোনো নির্দিষ্ট ধর্ম, ভাষা, বর্ণ বা জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের বহুমাত্রিক সংস্কৃতি, ভাষা, ধর্ম ও বৈচিত্র্যকে ধারণ করেই এর বিকাশ ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজনৈতিক নেতৃত্ব যখন কীভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেনি, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান ব্যক্তিগত সাহস, দেশপ্রেম ও নেতৃত্বের গুণে বিদ্রোহের ঘোষণা দেন। তাঁর সেই সিদ্ধান্তই মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
প্রধান আলোচকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে জাতি একটি স্বাধীন রাষ্ট্র, ভূখণ্ড ও স্বাধীনতার চেতনা পেয়েছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।’
ইউট্যাব জবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক ও বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ। সেমিনারটি যৌথভাবে সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল আজম সওদাগর ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফিজ আহমেদ।
- বিষয় :
- তথ্যমন্ত্রী
- জহির উদ্দিন স্বপন