জুলাই গণহত্যা
বিচার না হলে জনতার আদালতে সরকারের বিচার
জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৯:২৮
| প্রিন্ট সংস্করণ
জুলাই গণহত্যার বিচার না হলে সরকারের বিচার জনতার আদালতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় উপেক্ষার অভিযোগ তুলে বিএনপি সরকারের সমালোচনা করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য বিরোধী শীর্ষ নেতারা।
এ ছাড়া দিনাজপুর ও জামালপুরে আয়োজিত পৃথক সমাবেশ এবং প্রকৌশলীদের স্মরণে এক আলোচনা সভায় বক্তারা জানিয়েছেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা গণহত্যার বিচারে রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেন। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সাত দফাসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে জোটের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে, জনতার আদালতে সরকারের বিচার হবে। তিনি অভিযোগ করেন, গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়াই নির্বাচন হয়েছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে দলীয় চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। এর পর থেকে বিচারে ধীরগতি দেখা যাচ্ছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপি নির্বাচনের জন্য যতটা উদগ্রীব ছিল, সংস্কার ও বিচারের ক্ষেত্রে তা দেখা যায়নি। সরকার যদি নিজেকে জুলাইয়ের পক্ষের শক্তি মনে করে, তবে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আওয়ামী লীগের সহযোগী সব সভাপতি-সাধারণ সম্পাদকদের বিচারের আওতায় আনতে হবে।
জুলাই শহীদ মেহেদী হাসান বাবা শেখ জামাল হোসেন বলেন, আমার সন্তানসহ ছয়জনকে পুলিশ সদস্য সুজন হত্যা করে। কিন্তু আদালত তাকে মাত্র ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন! আর যাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, তারা কেউ দেশে নেই। এই বিচার প্রহসনের।
শহীদ আলিফের বাবা গাজিউর রহমান বলেন, শহীদ পরিবার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নয়, শুধু বিচার ও সংস্কার চায়। আলিফ হত্যা মামলায় একজন আসামিও আটক হয়নি। তাহলে কবে কীভাবে বিচার হবে?
মানববন্ধনে আরও বক্তৃতা করেন নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির প্রমুখ।
শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর ‘এই আসলাম’ বলছেন বারবার। এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন। আপনি আসুন, যুবসমাজ ফাঁসির রশি নিয়ে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
গতকাল রাজধানীর মিরপুর-১০ নম্বরে ঢাকা মহানগর জামায়াতের জনসভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে এ জনসভা আয়োজন করা হয়। তিনি জুলাইযোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা এবং রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম তাদের নামে করার দাবি জানান।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার চালিয়েছেন। এখন গণভোটের রায়কে অবৈধ বলছে সরকার। গণভোট অবৈধ হলে সরকার ও সংসদ সবই অবৈধ। সরকারকে টালবাহানা ছেড়ে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ার করে বিরোধীদলীয় নেতা বলেন, অন্যথায় চড়া মূল্য দিতে হবে।
জনসভায় মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানার অভিযোগ
৭০ ভাগ মানুষের রায়ের পরও জুলাই সনদ বাস্তবায়নে সরকার চরম ব্যর্থতা ও পৃষ্ঠ প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন, সরকার প্রতিশ্রুত কর্মসংস্থানও তৈরি করতে পারেনি। বরং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে। গতকাল রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সেমিনার হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদের স্মরণে’ এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনইএবি)।
প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বলেন, এটি ছিল নিরস্ত্র বিপ্লব, এতে কোনো বিদেশি সহায়তা ছিল না এবং এর কোনো একক নেতৃত্ব ছিল না। পুরো রাষ্ট্রকাঠামো পরিবর্তনের লক্ষ্যেই এই বিপ্লব হয়েছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। সংবিধানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব রয়েছে।
সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, প্রকৌশলী মারদিয়া মমতাজ, আরিফুল ইসলাম আদীব প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি: পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জেলা পরিষদের প্রশাসক, পৌর প্রশাসক সবখানেই বিএনপির লোকজনকে বসানো হয়েছে। সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি। আর দলীয়করণের ভূত সরকারকেও ধরেছে। গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট, জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদের
পদত্যাগের পর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে শুরু হওয়া জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা শেষে ফৌজদারি মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, আমরা শুনছি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। ফ্যাসিবাদের দোসর চুপ্পু শুধু পদত্যাগ করলেই হবে না। গণহত্যায় সমর্থন এবং দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
- বিষয় :
- জুলাই গণহত্যা