ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের আলোচনা আগামী মাসে শুরু
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ২৩:২৭
আগামী মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেছেন।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার এবং এলডিসি হিসেবে ইইউতে বাংলাদেশ বর্তমানে ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) সুবিধা ভোগ করে থাকে, যা বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর তিন বছর অব্যাহত থাকবে।
ইউরোপে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও ভারত ইইউর সঙ্গে এফটিএ স্বাক্ষর করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইইউর সঙ্গে এফটিএ স্বাক্ষরের বিষয়ে আলোচনা করলেও সম্প্রতি ইইউর পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত স্বাক্ষরের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের আগেই বৈশ্বিক বাজারে বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য ‘প্রেফারেন্সিয়াল মার্কেট এক্সেস’ (অগ্রাধিকারমূলক বাজার সুবিধা) নিশ্চিত করতে এফটিএ স্বাক্ষরের উদ্যোগ চলছে। আরও ১০-১২টি দেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর নিয়ে আলোচনা চলছে।
এফটিএ নিয়ে আলোচনা করতে বাংলাদেশ প্রতিনিধি দল ইউরোপে যাবে, নাকি ইইউ প্রতিনিধি দল বাংলাদেশে আসবে– তা জানতে চাইলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, এখনও চূড়ান্ত হয়নি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, হালাল অর্থনীতিকে এখন আর শুধু খাদ্য ও পানীয় খাতের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। এটি বর্তমানে খাদ্য, ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সমন্বয়ে গড়ে ওঠা একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা।
বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান সেমিনারে স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।
- বিষয় :
- ইউরোপীয় ইউনিয়ন
- বাণিজ্যমন্ত্রী