ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শতবর্ষে সুকান্ত: গান, কবিতা, আলোচনা ও বইপ্রকাশ

শতবর্ষে সুকান্ত: গান, কবিতা, আলোচনা ও বইপ্রকাশ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২২:২৩

বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক অনুষ্ঠান। এতে কবির লেখা গান পরিবেশন, কবিতা আবৃত্তি, আলোচনা ও স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়।

শনিবার রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর এবং স্বপ্ন ৭১ প্রকাশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী ও সাহিত্যানুরাগীরা অংশ নেন।

অনুষ্ঠানে আবু সাঈদ সম্পাদিত ‘শতবর্ষে সুকান্ত’ স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। বইটির মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্য ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদ আবদুল হাই। তিনি বলেন, ‘এত ছোট বয়সে এত কিছু করেছেন, তা সত্যিই বিস্ময়কর। তরুণ প্রজন্মের কাছে সুকান্ত ভট্টাচর্যের চর্চা করা জরুরি।’

গবেষক প্রশান্তকুমার রায় বলেন, ‘অল্পসংখ্যক মানুষই মহৎ কিছু সৃষ্টি করে।’

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, ‘সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন মানুষের কল্যাণে সংগ্রাম করে গেছেন। নতুন একটি পৃথিবী নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।’

তিনি আরও বলেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় শোষিত-বঞ্চিত মানুষের কথা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং একটি মানবিক সমাজের স্বপ্ন উঠে এসেছে। তার জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত ‘শতবর্ষে সুকান্ত’ গ্রন্থটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

আবু সাঈদ জানান, বইটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশে রয়েছে সুকান্তকে নিয়ে স্মৃতিকথা এবং দ্বিতীয় অংশে কবির শতবর্ষ উপলক্ষে তার জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা।

অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করেন মুক্ত আসরের আবৃত্তিশিল্পীরা। পাশাপাশি কবির লেখা গান পরিবেশনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।

আরও পড়ুন

×