হামের উপসর্গে আরও চার জনের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২২:৩৩
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯২২ জনের মৃত্যু হলো। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। অধিদপ্তরের গতকালের বুলেটিনে বলা হয়, এক দিনে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং সিলেট ও বরিশালে একজন করে।
দেশে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৬ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময় আরও ৯৩১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৮৭ জন। ঢাকা বিভাগে ভর্তি ২৮৩ জন, রাজশাহীতে ২৬, সিলেটে ১০৮, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৩৫, খুলনায় ৪৬, রংপুরে ১১ জন।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট হামের রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৭ হাজার ৭৬ জন। যার মধ্যে এক লাখ ২২ হাজার ৮০৫ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৭১১ জন। নিশ্চিত হামের রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬ জন।
- বিষয় :
- হামের উপসর্গ
- মৃত্যু